নির্বাচনের শেষ দিনে ঊর্ধ্বমুখী ভারতের শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনসেক্স সূচক
সেনসেক্স সূচক

লোকসভা নির্বাচনের শেষ দফায় আজ সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে ভারতের শেয়ারবাজারে। আজ দুপুরে বিএসই সেনসেক্স সূচক রেকর্ড ৪৫০ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে ব্রডার নিফটি সূচক বেড়ে মনস্তাত্ত্বিক সাত হাজার পয়েন্ট ছুঁয়েছে।

পাঁচ সপ্তাহব্যাপী ভারতের লোকসভা নির্বাচন শেষ হচ্ছে আজ। নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়ী হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। বিভিন্ন জনমত জরিপে বিজেপি এগিয়ে রয়েছে। আর নির্বাচনে জয়ী হলে বিজেপি সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেআর চকসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডেবেন চকসি বলেন, ‘বাজারের ঊর্ধ্বমুখী এই প্রবণতায় আমি মোটেই বিস্মিত নই। কেননা নির্বাচনের একটা প্রভাব বাজারে থাকবে এটাই স্বাভাবিক। আর এসব কারণে নিফটি ৭১০০-৭২০০—তে পৌঁছানোও অসম্ভব নয়।’

এনডিটিভির এক খবরে বলা হয়, আজ দরবৃদ্ধির শীর্ষে ছিল ব্যাংকিং ও জ্বালানি খাত। তবে আইটি ও ওষুধ খাতের বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা লক্ষ করা গেছে।

আজ দরবৃদ্ধিতে শীর্ষে রয়েছে বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠান এইচডিএফসি ব্যাংক। প্রতিষ্ঠানের ৪ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দিনের শুরুতে রিলায়েন্সের শেয়ার দর ৫ শতাংশ এবং কোল ইন্ডিয়া, ডিএলএফ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, রাষ্ট্র পরিচালিত বিএইচইএল ও গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান মারুতি-সুজুকির শেয়ার দর ৩ শতাংশের বেশি বেড়েছে।

আইটি খাতের অন্যতম কোম্পানি উইপ্রো, টিসিএস, এইচসিএল টেক এবং ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সান ফার্মা ও সিপলার শেয়ারের দাম ১-২ শতাংশ কমেছে। পাশাপাশি ইউনাইটেড স্পিরিটসের শেয়ার বিক্রির চাপ লক্ষ করা যাচ্ছে।

গত ১৩ সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত নিফটি প্রায় ১৭ শতাংশ বেড়েছে, যা গত শুক্রবার সাম্প্রতিক রেকর্ড অতিক্রম করে। ওই দিন মোদিকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিজেপি। কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে একদিনেই মার্কেট ৮-১০ শতাংশ এমনকি পরবর্তী সময়ে ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। নির্বাচনের ফলাফল আশাব্যঞ্জক না হলে নিফটি ৬,৬০০ পয়েন্টে নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চকসি।

আজ স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে সেনসেক্স সূচক ৩৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩,৩৮৯ পয়েন্টে। একই সময়ে নিফটি ১০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৯৬৭ পয়েন্টে। এর আগে সেনসেক্স ৪৫০ পয়েন্ট বেড়ে ২৩৪৫৩ পয়েন্ট পর্যন্ত উঠেছিল। আর নিফটি উঠেছিল ৬,৯৮৮ পয়েন্টে।