নির্বাচিত হলেন সিএসইর চার শেয়ারধারী পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের জন্য চারজন শেয়ারধারী পরিচালক নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নয়জন প্রার্থীর মধ্যে চারজন বিজয়ী হন। প্রাপ্ত ভোটের ক্রমানুসারে বিজয়ী পরিচালকেরা হলেন মির্জা সালমান ইস্পাহানি (৯২), মোহাম্মদ খায়রুল এনাম চৌধুরী (৮৬), মোহাম্মদ মহিউদ্দিন (৫৮) ও শামসুল ইসলাম (৫৭)।
অন্যদিকে চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর নিজস্ব কার্যালয়ে ১৪৫ জন ভোটারের মধ্যে ১১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে ১১৩ ভোটেই নির্ধারণ হয় বিজয়ীদের ভাগ্য। গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ওয়াহিদা ইদ্রিস বিজয়ীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী পরাজিত পাঁচ প্রার্থী হলেন জামশেদ সানিয়াত আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন, মোহাম্মদ মফিজউদ্দিন, শাহজাদা মাহমুদ চৌধুরী ও তারেক কামাল।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। গত শুক্রবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় সাত স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। রাজধানীর গুলশানের এক হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিমিউচুয়ালাইজেশনের পর নতুন পর্ষদই হবে ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের প্রথম পূর্ণাঙ্গ পর্ষদ। ১৩ সদস্যের এই পর্ষদে সাতজনই থাকবেন স্বতন্ত্র পরিচালক।