নির্মাণ ও কাঠশিল্পপণ্যের প্রদর্শনী বৃহস্পতিবার শুরু
নির্মাণ ও কাঠশিল্পের নতুন প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঢাকায় হতে যাচ্ছে ‘দ্বিতীয় বাংলাদেশ বিল্ডকন ২০১৬’ ও ‘জেট প্রেজেন্টস দ্বিতীয় বাংলাদেশ উড ২০১৬’ শীর্ষক দুটি আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানী ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে আগামী বৃহস্পতিবার তিন দিনের প্রদর্শনী দুটি শুরু হবে।
রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড যৌথভাবে প্রদর্শনী দুটির আয়োজন করেছে। আয়োজনে সহযোগিতা করছে ভারতের পিএইচডি চেম্বার অব কমার্স।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ছাড়াও উভয় প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, হংকং, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইতালি, অস্ট্রিয়া, মালয়েশিয়ার শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে।
এএসকে ট্রেডের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, নির্মাণ খাতের সব ধরনের পণ্যসামগ্রী তুলে ধরার পাশাপাশি শিল্পটিকে এক ধাপ এগিয়ে নিতেই বিল্ডকন প্রদর্শনী।
ফিউচারক্সের পরিচালক নামিত গুপ্ত বলেন, বাংলাদেশের আসবাব স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানিও হচ্ছে। নব্বইয়ের দশকে এই খাত যান্ত্রিক উৎপাদনভিত্তিক শিল্পে পরিণত হয়। বাংলাদেশ উড নামের প্রদর্শনীতে কাঠ ও আসবাবশিল্পের যন্ত্রপাতি ও সহায়ক অন্যান্য পণ্য প্রদর্শন করা হবে।
প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।