রাজধানী ঢাকার মগবাজার-মৌচাক উড়ালসড়ক প্রকল্পের নির্মাণ ব্যয় ১০৮ কোটি টাকা বেড়েছে। সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, প্রকল্পটির শান্তিনগর থেকে মালিবাগ, রাজারবাগ ও মৌচাক হয়ে রামপুরা পর্যন্ত ৩ দশমিক ৯৪ কিলোমিটার অংশের ব্যয় ১০৮ কোটি ৪০ লাখ টাকা বেড়েছে।
মূল চুক্তিতে এই অংশের ব্যয় ধরা হয়েছিল ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। ব্যয় বৃদ্ধির (ভ্যারিয়েশন) প্রস্তাব অনুযায়ী, এখন দাঁড়াবে ৪৫২ কোটি ১০ লাখ টাকা। বৃদ্ধির কারণ জানতে চাইলে মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলতে অপারগতা প্রকাশ করেন। উড়ালসড়ক প্রকল্পটির অন্য দুই অংশে এর আগেও নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছিল।
২০১৩ সালের ৬ অক্টোবর সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উড়ালসড়কটির মৌচাক অংশের নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। যৌথভাবে কাজটি পেয়েছে এমসিসিসি ও তমা কনস্ট্রাকশন লিমিটেড।