নির্মাণশ্রমিকদের প্রশিক্ষণে ইনস্টিটিউট করছে রিহ্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষতা বাড়াতে এবং কর্মক্ষেত্রের ঝুঁকি হ্রাস করতে নির্মাণশ্রমিকদের প্রশিক্ষণের জন্য একটি আধুনিক ইনস্টিটিউট নির্মাণ করছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এ জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে উত্তরায় ১৫ কাঠা জমি বরাদ্দ পেয়েছে সংগঠনটি।
রিহ্যাব নেতারা জানান, দেশের অভ্যন্তরে কমপক্ষে ১০ লাখ নির্মাণশ্রমিক আছেন, যাঁদের অধিকাংশেরই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। আবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এই নির্মাণশ্রমিকদের প্রচুর চাহিদা আছে। তবে দক্ষতার অভাবে অনেকেই বিদেশে যেতে পারেন না, আবার গেলেও কম মজুরিতে কাজ করতে বাধ্য হন। তা ছাড়া প্রশিক্ষণ না থাকার কারণে এই কাজের ঝুঁকিও অনেকটাই বেড়ে যায়। বর্তমানে সারা বিশ্বে ৮০ থেকে ৯০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। এর মধ্যে ৩০ শতাংশই নির্মাণশ্রমিক।
জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ইনস্টিটিউটে নির্মাণশ্রমিকদের দক্ষতা বাড়াতে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। উন্নত প্রযুক্তির ব্যবহার শেখানো হবে। এতে শ্রমিকদের কাজের গতি বাড়বে। দেশে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম বলে দাবি করেন তিনি।
জানা যায়, ঢাকার ভেতরে ইনস্টিটিউট করার জন্য ২০১২ সালের শেষের দিকে জমি চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করে রিহ্যাব। পরে মন্ত্রণালয়ের পরামর্শে গত বছর পূর্বাচল বা উত্তরা সম্প্রসারিত প্রকল্পে নামমাত্র মূল্যে দুই বিঘা জমি চেয়ে রাজউকের চেয়ারম্যান বরাবর আবার আবেদন করে সংগঠনটি।
অবশেষে রাজউক রিহ্যাবকে সম্প্রসারিত উত্তরা তৃতীয় পর্ব প্রকল্প এলাকায় ১৫ কাঠা আয়তনের একটি জায়গা তিন কোটি টাকায় (প্রতি কাঠা ২০ লাখ টাকা) বরাদ্দ দেয়। রিহ্যাব গত বছরের নভেম্বরে ২৫ লাখ ও চলতি বছরের জুনে দুই কোটি ৭৫ লাখ টাকা জমা দিয়ে জমিটি চূড়ান্তভাবে বুঝে পায়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের ভেতরে কাজ করেছেন এমন নির্মাণশ্রমিকদের পাশাপাশি বিদেশে যেতে ইচ্ছুকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে রিহ্যাবের ইনস্টিটিউটে। একই সঙ্গে প্রশিক্ষণরতদের আবাসনব্যবস্থা থাকবে। তা ছাড়া রিহ্যাব সদস্যদের জন্যও কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।
প্রশিক্ষণ কবে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে লিয়াকত আলী বলেন, ভবন নির্মাণের জন্য শিগগিরই পরামর্শক নিয়োগ করা হবে। আগামী শীতেই ভবন নির্মাণের কাজ শুরু হবে। তবে এখনো প্রশিক্ষণ শুরু করার কোনো সময়সীমা নির্দিষ্ট হয়নি বলে জানান তিনি।