গত তিন মাসে নির্মাণসামগ্রী প্রকারভেদে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় নির্মাণকাজ চুক্তিমূল্যে সম্পন্ন করা যাচ্ছে না। এ অবস্থা অপরিবর্তিত থাকলে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্থবিরতা আসবে। ‘নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা ও নির্মাণ প্রতিষ্ঠানসমূহকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই আশঙ্কার কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্মাণশিল্পের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিএ)। এ সময় সংগঠনের নেতারা বলেন, ‘বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকলে নির্মাণ প্রতিষ্ঠানসমূহ দেউলিয়া হয়ে যাবে। সরকারের উন্নয়ন খাতে খরচের পরিমাণ অর্ধেকে নেমে আসবে। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে’। সমস্যা উত্তরণে সরকারের কাছে সাতটি দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএসিএর সভাপতি শফিউল আলম ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি আফতাবউদ্দিন আহমেদ, নির্বাহী পরিষদের সদস্য আমিনুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, এস এম খোরশেদ আলম, আমিনুল হক প্রমুখ। সভাপতি শফিউল আলম ভূঁইয়া বলেন, নির্মাণ প্রতিষ্ঠানগুলো তখনকার চলতি বাজার দরের ওপর ভিত্তি করে দরপত্রে অংশ নিয়ে কার্যাদেশ পেয়েছে। কিন্তু কয়েক মাসের ব্যবধানে নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বেড়েছে। এতে চুক্তিকালীন মূল্য ও বর্তমান বাজারমূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। ফলে কার্যাদেশ পাওয়া উন্নয়ন কর্মকাণ্ড আগের চুক্তিমূল্যে চালিয়ে যাওয়া সম্ভব নয়।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের মজুরিও ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। আবার বর্তমানে ব্যাংকঋণে সুদের হার ১৪ থেকে বেড়ে ১৮ শতাংশ হয়েছে। সমিতির সভাপতি আরও বলেন, ‘সরকারের বিভিন্ন বিভাগের মধ্যমেয়াদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র ৩০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এ অবস্থা অপরিবর্তিত থাকলে এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।’ তিনি বলেন, জাতীয় বাজেটের সিংহ ভাগ অর্থ উন্নয়ন কর্মকাণ্ডের পেছনে ব্যয় হয়। আর জিডিপিতে নির্মাণশিল্পের অবদান বর্তমানে প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। সমস্যা থেকে সমাধানে সংগঠনের নেতারা সরকারের প্রতি সাত দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে পিপিআরে অত্যাবশ্যকীয় মূল্য সমন্বয় ধারা সংযুক্ত, পিপিআর-২০০৮ বাস্তবমুখী করা, নির্মাণসামগ্রীর কাঁচামালের আমদানি শুল্ক সাময়িকভাবে প্রত্যাহার উল্লেখযোগ্য।