নিলাম বাজারে গড় মূল্যে শীর্ষে ক্লিভডনের চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আন্তর্জাতিক নিলাম বাজারে গড় মূল্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে সিলেটের ক্লিভডন বাগানের চা।
সদ্যসমাপ্ত মৌসুমে নিলাম বাজারে বিক্রি হওয়া বাগানভিত্তিক চায়ের গড় দাম বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে বাগানটির মালিক এইচআরসি সিন্ডিকেট লিমিটেড৷ প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের এইচআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়৷
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এইচআরসি সিন্ডিকেটের নির্বাহী পরিচালক (চা) মোহাম্মদ ইদ্রিস। তিনি বলেন, উৎপাদন প্রক্রিয়া থেকে প্রক্রিয়াজাত পর্যন্ত প্রতিটি স্তরে মান বজায় রাখার কারণে এই বাগানের চায়ের মূল্যে ধারাবাহিকতা বজায় ছিল। এক দশক ধরে গড় মূল্যে শীর্ষস্থানে অবস্থান করেছে এই বাগানের চা।
সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া এলাকায় অবস্থিত এই চা-বাগান এইচআরসির হাতে আসে ১৯৯২ সালে। সদ্যসমাপ্ত মৌসুমে চট্টগ্রামের আন্তর্জাতিক নিলাম বাজারে এই বাগানে উৎপাদিত চার লাখ ৮০ হাজার ৩৪৪ কেজি চা বিক্রি হয়েছে। প্রতি কেজি গড়ে ২৪২ টাকা ১৫ পয়সা দরে বিক্রি হয়েছে ।