নিলাম বাজারে চায়ের বিক্রি কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শেষভাগে এসে চট্টগ্রামে আন্তর্জাতিক নিলামে চায়ের বিক্রি ব্যাপক হারে কমে গেছে। অন্যদিকে স্থানীয়ভাবে উত্পাদন বাড়ার পাশাপাশি আমদানিও আগের তুলনায় অস্বাভাবিক হারে বেড়েছে। ফলে অবিক্রীত চায়ের মজুত বেড়েই চলেছে। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন বাগানমালিকেরা।

চা বেচাকেনায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর তথ্যে দেখা যায়, সাধারণত প্রতি নিলামে গড়ে ২০-৩০ শতাংশ চা অবিক্রীত থাকে, যা পরের নিলামে তোলা হয়। তবে এখন অবিক্রীত চায়ের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। গত চারটি নিলামের প্রতিটিতে যে পরিমাণ চা বিক্রির জন্য তোলা হয়েছে, তার সিংহভাগই অবিক্রীত রয়ে গেছে।

গত চারটি নিলামে যথাক্রমে সাড়ে ৫৬ শতাংশ, ৫৮ শতাংশ, ৫৯ শতাংশ ও ৬২ শতাংশ চা অবিক্রীত ছিল। সর্বশেষ গত মঙ্গলবার অনুষ্ঠিত ৪০তম নিলামে তোলা হয় প্রায় সাড়ে ৩৫ লাখ কেজি চা। এর মধ্যে প্রায় সাড়ে ৬২ শতাংশ বা প্রায় ২২ লাখ কেজি চা বিক্রিই হয়নি। নিলামে বড় ক্রেতারা নিষ্ক্রিয় থাকায় অবিক্রীত চায়ের পরিমাণ বাড়ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

এদিকে নিলামে চা বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে বাগানমালিকেরা আমদানি বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন। বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী প্রথম আলোকে বলেন, আমদানি বেড়ে যাওয়ায় চা-শিল্পে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য চা আমদানি নিরুত্সাহিত করা উচিত।

চা আমদানির তথ্যে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরে চা আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার হওয়ার পর আমদানি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমে চা আমদানি হয়েছে প্রায় এক কোটি আট লাখ কেজি। একই সময়ে উত্পাদিত হয় প্রায় ছয় কোটি ৩৭ লাখ কেজি। এ হিসাবে উত্পাদন ও আমদানি মিলিয়ে চলতি মৌসুমে চায়ের মজুত বেড়ে দাঁড়ায় সাত কোটি ৪৫ লাখ কেজি। অন্যদিকে এ মৌসুমে চায়ের চাহিদা প্রাক্কলন করা হয়েছে ছয় কোটি ৩৫ লাখ কেজি। অর্থাত্ চাহিদার চেয়ে এখন মজুত বেশি।

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় নিলামে চায়ের দাম ক্রমাগত কমছে। যেমন—গত চারটি নিলামে প্রতি কেজি চায়ের গড় মূল্য ছিল যথাক্রমে ১৭৭ টাকা, ১৭০ টাকা, ১৪৩ টাকা ও ১২৭ টাকা। আগের মৌসুমে একই সময়ে প্রতি কেজি গড়ে প্রায় ২৫২ টাকায় বিক্রি হয়েছিল।

গত মঙ্গলবারের নিলামে সবচেয়ে নিম্নমানের চায়ের গড় মূল্য ছিল ৬০ থেকে ৬৫ টাকা কেজি। আর ভালো মানের চা কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হয়েছে।

বাংলাদেশ চা ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুল হাই চৌধুরী মনে করেন, মৌসুমের শেষভাগে সাধারণত চায়ের মান ভালো থাকে না। তাই দাম কমছে। তিনি বলেন, অবিক্রীত চায়ের পরিমাণ বেড়ে যাওয়ায় এবার দুটি বাড়তি নিলামের আয়োজন করা হয়েছে। আগামী এপ্রিলের মাঝামাঝি এ মৌসুমের শেষ নিলাম হবে। এরপর মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে আগামী মৌসুমের নিলাম। 

চা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে ১৬৬টি চা-বাগান রয়েছে। এসব বাগানে উত্পাদিত চা বিক্রি হয় চট্টগ্রামের আন্তর্জাতিক নিলামে। প্রতি মঙ্গলবার এ নিলাম অনুষ্ঠিত হয়।