নিলাম বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলাম বাজারে ভালো মানের চায়ের দর কমছে না। গত দুই মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত টানা আটটি সাপ্তাহিক আন্তর্জাতিক নিলামে চায়ের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। সর্বশেষ গত মঙ্গলবারের নিলামে অবশ্য নিম্নমানের চায়ের দর আগের চেয়ে কিছুটা কমেছে। তবে সবচেয়ে ভালো মানের চায়ের চাহিদা ও দাম দুটোই ছিল ঊর্ধ্বমুখী।সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতারা জানান, নিলাম বাজারে বেচাকেনার পর প্যাকেটজাত হয়ে বা খোলা আকারে চা সরাসরি আসে খুচরা বাজারে। তাই নিলাম বাজারে দাম বাড়লে খুচরা পর্যায়েও প্যাকেটজাত ও খোলা চায়ের দাম বাড়ে। সে অনুযায়ী খুচরা বাজারে গত কয়েক মাসে চায়ের দাম কেজিপ্রতি গড়ে ৮০ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত বেড়েছে বলে তাঁরা জানান। রিয়াজউদ্দিন বাজারের বায়েজিদ স্টোরের পরিচালক আহমেদ কবির গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, কোম্পানি ও মানভেদে প্রতি কেজি চায়ের প্যাকেট ৩২১ টাকা থেকে ৩৭০ টাকা বিক্রি হচ্ছে। তবে ১০০ কিংবা ২০০ গ্রামের প্যাকেট হিসাবে কেজিপ্রতি চায়ের দাম ৪০০ টাকা ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকেরা জানান, গত মঙ্গলবারের নিলামে সবচেয়ে ভালো মানের চায়ের দর ওঠে কেজিপ্রতি ২৯৫ থেকে ৩০০ টাকা পর্যন্ত। ভালো মানের চায়ের দর ওঠে কেজিপ্রতি ২৯০ থেকে ২৯৪ টাকা। আর সবচেয়ে নিম্নমানের চায়ের দর আগের চেয়ে কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমে।এদিকে সংশ্লিষ্ট বাজার সূত্রে জানা গেছে, আগামী নিলামে চায়ের সরবরাহ বাড়বে। গত নিলামে ১৫ লাখ ৭৭ হাজার ৯৫৭ কেজি চা নিলামে উঠেছে, যা আগামী নিলামে ১৮ লাখ ২২ হাজার ৩৭০ কেজিতে উন্নীত হতে পারে। জানতে চাইলে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সহসভাপতি আলী আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, কোনো তদারকি না থাকা ও শুল্কহার বেশি হওয়ার কারণে চায়ের দামে অস্থিরতা বিরাজ করছে। চায়ের উৎপাদন খরচ কত ও সহনীয় দাম কত হওয়া উচিত—সে সম্পর্কে সরকারের তদারকি থাকা উচিত। বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে শুল্ককর যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে সবচেয়ে সস্তা পানীয় চা সবচেয়ে দামি পানীয়তে পরিণত হবে।