মোংলা বন্দরে জট কমাতে ২৫৫টি গাড়ি ও ১৯ কনটেইনার পণ্যের নিলাম ডাকা হয়েছে। সংশ্লিষ্ট আমদানিকারকেরা নির্দিষ্ট সময়ের মধ্যে এসব গাড়ি ও পণ্য ছাড় করিয়ে না নেওয়ার কারণেই মোংলা কাস্টম হাউস এই নিলাম ডেকেছে।
কাস্টম হাউস সূত্রে জানা যায়, এসব পণ্যের কারণে দীর্ঘদিন ধরে বন্দর জেটি ও ইয়ার্ডের জায়গা দখল হয়ে আছে। সে জন্য নিয়মানুযায়ী পণ্যগুলোর নিলাম ডাকার প্রস্তুতি ও প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে গত এক বছরের বেশি সময় ধরে এ বন্দরে বিভিন্ন কারণে যেসব গাড়ি ছাড়িয়ে নেওয়া হয়নি এমন ২৫৫টি রিকন্ডিশন্ড গাড়িই প্রথমে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। নিলামের এ তালিকায় লেক্সাস, পাজেরো, মার্সিডিজ বেঞ্জসহ অন্তত ২০টি বিলাসবহুল বা দামি গাড়িও রয়েছে। এ ছাড়া ১৯টি কনটেইনারে আমদানি করা পণ্যেরও নিলাম হবে। এসব পণ্যের মধ্যে আছে বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিক সামগ্রী, বিভিন্ন রকমের কাপড়।
জানা গেছে, নিলামে অংশ নিয়ে দরপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ জুলাই। ওই দিনই দরপত্র খোলা হবে। গাড়িগুলো নিলামের ক্যাটালগ তৈরিসহ সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ নিয়ে পত্রপত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। এ নিলাম সবার জন্য উন্মুক্ত।
এদিকে বন্দরের সূত্র আরও জানায়, দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে জেটি, ইয়ার্ডসহ বিভিন্ন স্থানে পণ্য নিয়ে প্রায় ৮০০ কনটেইনার পড়ে আছে। এসব পণ্যের আমদানিকারকেরা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও সেগুলো ছাড় করিয়ে নেননি। ২৬ জুলাইয়ের নিলামের পর ধারাবাহিকভাবে এসব পণ্যও নিলামে তোলার সব প্রস্তুতি নেওয়া শুরু হবে।
জানতে চাইলে মোংলা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আমদানিকারকেরা নির্ধারিত সময়ের অনেক পরও তাঁদের গাড়ি ছাড় না করায় নিলামে তা বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। দিন দিন এ বন্দরের কার্যক্রম ও গুরুত্ব বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে পণ্য হ্যান্ডলিংয়ের (ওঠানো-নামানো) পরিমাণও। তাই বন্দরে চলমান কনটেইনার ও গাড়ির জট কমাতে নিলামের আয়োজন করা হয়েছে।
নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতারাই পণ্যের দাবিদার বলে বিবেচিত হবেন বলে জানান মো. জাহাঙ্গীর আলম।
মোংলা বন্দর ব্যবহারকারী নুরু অ্যান্ড সন্স স্টিভেডরের স্বত্বাধিকারী হোসাইন মোহাম্মদ দুলাল অভিযোগ করে বলেন, কতিপয় গাড়ি আমদানিকারক এ বন্দরকে গ্যারেজ হিসেবে ব্যবহার করছেন। গাড়ি এনে বছরের পর বছর ফেলে রেখে জটলার সৃষ্টি করে চলেছেন। শুধু তাঁদের পণ্যের নিলাম নয়, বরং এসব আমদানিকারকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও প্রয়োজন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান প্রথম আলোকে বলেন, বন্দরের কনটেইনার ও গাড়ির জট কীভাবে কমানো যায় সে বিষয়ে কাস্টমসসহ সংশ্লিষ্টদের দপ্তরে আলাপ-আলোচনা চলমান রয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতেই কাস্টমস কর্তৃপক্ষ কনটেইনার ও গাড়ি নিলামের উদ্যোগ নিয়েছে। ৮০০ কনটেইনার ও দফায় দফায় গাড়ির নিলাম হলে জট কমার পাশাপাশি বন্দরের অনেক জায়গা খালি হবে। এতে বন্দর ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে এ বন্দর ব্যবহার করে তাঁদের আমদানি-রপ্তানি করা পণ্য রাখতে পারবেন।