নিলামে উঠেছে হানজিনের এক হাজার কনটেইনার
দেউলিয়া হয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার জাহাজ কোম্পানি হানজিন শিপিং লিমিটেডের ১ হাজার ৫৭ কনটেইনার নিলামে তুলেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ৩ এপ্রিল এসব কনটেইনারের নিলাম দরপত্র অনুষ্ঠিত হবে।
বন্দর সূত্রে জানা গেছে, দেউলিয়া হওয়ার পর এখন পর্যন্ত হানজিনের কাছে বন্দরের পাওনা দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এই পাওনা টাকার মধ্যে রয়েছে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর মাশুল, বন্দর চত্বরে কনটেইনার রাখার ভাড়া ও দুটি জাহাজের বন্দর ব্যবহারের মাশুল। এই পাওনা টাকা আদায়ে প্রথমবারের মতো বিদেশি কোনো কোম্পানির কনটেইনার নিলামে তুলল বন্দর।
বন্দরের পরিবহন বিভাগের এক নোটিশে বলা হয়, মোট ২২টি লটে এসব কনটেইনার নিলামে তোলা হয়েছে। আগামী ২ এপ্রিলের মধ্যে নিলামে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্যাটালগ সংগ্রহ করতে হবে। প্রতিটি ক্যাটালগের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। যেকোনো দেশি-বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নিলাম দরপত্রে অংশ নিতে পারবে।
বন্দর সচিব ওমর ফারুক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, হানজিনের পাওনা আদায়ের বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী বন্দরের পাওনা টাকা আদায়ের জন্য হানজিনের কনটেইনার নিলামে তোলা হয়েছে।
তবে নিলামে তুলে সব কনটেইনার বিক্রি করেও কনটেইনার ভাড়া বাবদ পাওনা টাকা আদায়ের সম্ভাবনা কম। কারণ পণ্য পরিবহন ছাড়া নানা কাজে ব্যবহারের জন্য এসব কনটেইনার আকারভেদে ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় বাজারে।
নিলামে তোলা ১ হাজার ৫৭ কনটেইনারের মধ্যে ২০ ফুট, ৪০ ফুট ও ৪৫ ফুট লম্বা কনটেইনার রয়েছে। প্রতিটি ২০ ফুট লম্বা হিসাবে ধরা হলে ১ হাজার ৮৯৪ একক কনটেইনার নিলামে তোলা হয়েছে।
গত ৩১ আগস্ট ঋণের ভারে জর্জরিত এই কোম্পানি দক্ষিণ কোরিয়ার আদালতে দেউলিয়াত্ব সুরক্ষার আবেদন করেছিল। প্রায় সাড়ে ৫ মাস পর গত ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার সিউলের কেন্দ্রীয় জেলা জজ আদালত হানজিন শিপিংকে আনুষ্ঠানিকভাবে দেউলিয়া ঘোষণা করেন। পাশাপাশি হানজিনের সম্পদ বিক্রি করে পাওনাদারের ঋণ পরিশোধের পদক্ষেপের বিষয়েও আদেশ দেন।
প্রসঙ্গত, বাংলাদেশে কর্ণফুলী গ্রুপের সঙ্গে যৌথ অংশীদারত্বে ‘হানজিন শিপিং বাংলাদেশ লিমিটেড’ নামে ব্যবসা পরিচালনা করত হানজিন শিপিং।