নিলামে চায়ের দাম কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম কমার মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হচ্ছে চায়ের চলতি মৌসুমের শেষ নিলাম। কাল মঙ্গলবার হরতাল থাকায় আগামী বুধবার শেষ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা।চা ব্যবসায়ীরা জানান, টানা দাম বাড়ার পর মৌসুমের শেষ পর্যায়ে এসে তা কমছে। কারণ, গরমের মৌসুমে সাধারণ ও নিম্নমানের চায়ের সরবরাহ বাড়ার পাশাপাশি চাহিদাও কমে বলে গড় দাম পড়ে যায়।ব্রোকার হাউসগুলোর তথ্যে দেখা গেছে, দুই মাস আগে এ মৌসুমের ৩৫তম নিলামে চায়ের গড় দাম ছিল কেজিপ্রতি ২৮৮ টাকা; আর এ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ৪৩তম নিলামে ছিল ১৯৬ টাকা। অর্থাৎ, কেজিপ্রতি চায়ের গড় দাম কমেছে ৯২ টাকা।চা ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুল হাই চৌধুরী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সরবরাহ বেশি থাকায় নিলাম বাজারে নিম্নমানের চায়ের দাম কমেছে। ক্ষুদ্র ক্রেতারাই এই চা কিনছেন। তবে সবচেয়ে ভালো মানের চায়ের দাম খুব বেশি কমেনি।এদিকে নিলাম বাজারের প্রভাবে খুচরা বাজারেও খোলা চায়ের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। তবে প্যাকেটজাত চায়ের দাম কমায়নি কোম্পানিগুলো। বিপণন কৌশল হিসেবে কোম্পানিগুলো খুচরা বিক্রেতাদের চায়ের সঙ্গে অন্য পণ্য বা স্ক্র্যাচ কার্ডে নগদ টাকার সুবিধা দিচ্ছে। চা ব্যবসায়ী সমিতির সূত্রে জানা গেছে, এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম সপ্তাহের দিকে আগামী মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।