নিলামে পাঠানো যাচ্ছে না মৌলভীবাজারের চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলামে পাঠানো যাচ্ছে না মৌলভীবাজারের চা
নিলামে পাঠানো যাচ্ছে না মৌলভীবাজারের চা

টানা অবরোধ ও হরতালের কারণে মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার বিভিন্ন চা-বাগান থেকে চট্টগ্রামের নিলাম বাজারে চা পাঠানো যাচ্ছে না। এসব বাগানে পড়ে আছে বিপুল পরিমাণ চা। এ নিয়ে বাগান মালিকেরা উৎকণ্ঠায় পড়েছেন।
সপ্তাহের প্রতি মঙ্গলবার চট্টগ্রামে চায়ের নিলাম অনুষ্ঠিত হয়। বিভিন্ন চা-বাগান মালিকদের সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির পর থেকে নিলাম বাজারে চা পাঠানো যাচ্ছে না।
জুড়ীর কাপনা টি কোম্পানির কাপনাপাহাড় চা-বাগানের ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, ‘৩০ হাজার কেজি চা বাগানে মজুত রয়েছে। অবরোধের কারণে তা চট্টগ্রামে পাঠাতে পারছি না। ট্রাকচালকেরাও যেতে সাহস পাচ্ছেন না।’
খোঁজ নিয়ে জানা গেছে, একইভাবে ধামাই টি কোম্পানির ধামাইসহ আশপাশের সোনারূপা ও আতিয়াবাগ চা-বাগানে প্রায় দুই লাখ কেজি এবং নিউ সিলেট টি কোম্পানির ফুলতলা চা-বাগানে ৪৫ হাজার কেজি চা মজুত হয়েছে।
ধামাই চা-বাগানের ব্যবস্থাপক গোপাল শিকদার উৎকণ্ঠার সঙ্গে বলেন, ‘যেভাবে যানবাহনে আগুন দেওয়া হচ্ছে তাতে ট্রাকে করে চা পাঠানোর সাহস পাচ্ছি না।’
নাম প্রকাশ না করার শর্তে কুলাউড়ার একটি চা-বাগানের ব্যবস্থাপক বলেন, ‘দীর্ঘদিন মজুত থাকলে চায়ে ছত্রাক পড়তে পারে। নির্যাস নষ্ট হতে পারে।’
চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের জুড়ীভ্যালি এলাকার চেয়ারম্যান মো. হাছিব মিয়া মুঠোফোনে দাবি করেন এ এলাকায় ২৩টি বাগানে কমপক্ষে ২৫ থেকে ৩০ লাখ কেজি চা আটকে আছে।