নিলামে বিক্রি হয়ে গেছে আনোয়ারা জুট মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার কোটি টাকার আনোয়ারা জুট মিল নিলামে বিক্রি হয়ে গেছে মাত্র ১১৬ কোটি টাকায়। গত মার্চে হাইকোর্টে এই নিলাম এবং সরকারের পাওনা টাকা পরিশোধ না করে মিলটির ৮১ একর জমি ক্রেতার নামে নিবন্ধন ও নামজারিও হয়ে গেছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বলছে, তারা কিছুই জানে না।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দায়দেনা পরিশোধের পর শেয়ার ভাগাভাগি শেষে সরকার এখন আর্থিকভাবে খুব একটা লাভবান হবে না। তা ছাড়া, মন্ত্রণালয় বেশ আগেই মিলটি বিক্রি না করে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছিল।

জানতে চাইলে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় ও বিজেএমসির (বাংলাদেশ জুট মিল করপোরেশন) একাধিক শীর্ষ কর্মকর্তার যোগসাজশে মিলটি সরকারের হাতছাড়া হয়ে গেছে। এর পেছনে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও মনে করে, মন্ত্রণালয় ও বিজেএমসির অসাধু কর্মকর্তারা আনোয়ারা জুট মিল নিলামে তোলার বিষয়টি ত্বরান্বিত করেছেন। বিষয়টি তদন্তের জন্য তারা সাংসদ এনামুর রহমানের নেতৃত্বে একটি উপকমিটি গঠন করেছে।

সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পাট নিয়ে স্বপ্ন দেখছে। বিদেশে পাটপণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। সেদিকে লক্ষ রেখে দেশের পাটপণ্যের মানও উন্নত হচ্ছে। সে অবস্থায় সরকারি একটি মিল নামমাত্র দামে বিক্রি হয়ে যাবে এবং মিলটি ধরে রাখার জন্য যথাযথ আইনি লড়াই করা হবে না—এটা মোটেই গ্রহণযোগ্য নয়।

মন্ত্রণালয় ও বিজেএমসি সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডের শিল্প এলাকায় ৮১ একর জায়গায় আনোয়ারা জুট মিলের অবস্থান। সেখানে বর্তমানে প্রতি শতক জমির দাম ৭ থেকে ৯ লাখ টাকা। এই হিসাবে পুরো জমির দাম ৭০০ কোটি টাকার বেশি। এর সঙ্গে স্থাপনার দাম মিলিয়ে সরকারের কাছে মিলটির দাম হাজার কোটি টাকা। মিলটিতে সরকারের শেয়ারের পরিমাণ ৪৮ দশমিক ৭০ শতাংশ। বেসরকারি মালিকদের অংশ ৫১ দশমিক ৩০ শতাংশ।

তবে আনোয়ারা জুট মিল বিক্রির জন্য আদালত থেকে নিয়োগ করা প্রতিনিধি মোকছেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মিলটি বিক্রি করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই বলা যায় যথার্থ দামে বিক্রি হয়েছে।’

মন্ত্রণালয়ের নথি থেকে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর জাতীয়করণ করা আনোয়ারা জুট মিল ১৯৮২ সালে সাবেক মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে লোকসান, শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করতে না পারা এবং বিভিন্ন ধরনের বিল বকেয়া থাকায় ১৯৯৯ সালে মিলটি বিক্রির সিদ্ধান্ত হয়। এরপর মিল কর্তৃপক্ষ মিলটি বিক্রির জন্য হাইকোর্টে শরণাপন্ন হয়।

 ২০১১ সালে জুট মিলটি হাইকোর্ট হেফাজতে নিয়ে বিক্রির জন্য আইনজীবী মোকছেদুল ইসলামকে প্রতিনিধি (অবসায়ক) নিয়োগ করেন। এরপর ২০১৫ সালে প্রথম দফায় এবং গত ২৮ জানুয়ারি দ্বিতীয় দফায় মিলটি নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরই মধ্যে আবার নিলাম আদেশ বাতিলের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিরাজুল হোসেইন খানকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, ১০ ফেব্রুয়ারি মন্ত্রণালয় থেকে নিলাম বিজ্ঞপ্তির কপি বিজেএমসিতে পাঠানো হয়। আর করণীয় বিষয়ে আইনজীবী মিরাজুল হোসেইন মন্ত্রণালয়কে এ-সম্পর্কিত তথ্য দেন ২১ মার্চ। তার আগে ১৮ ফেব্রুয়ারি কবির স্টিল মিলস (কেএসআরএম) নিলামে আনোয়ারা জুট মিলের দাম ১১৬ কোটি টাকা প্রস্তাব করে। ১৪ মার্চ আদালত দরপ্রস্তাব গ্রহণযোগ্য বলে আদেশ দেন এবং দরদাতাকে তা পরিশোধের নির্দেশ দেন। এ ঘটনায় মন্ত্রণালয় ক্ষুব্ধ হয়ে গত ১০ এপ্রিল আইনজীবী মিরাজুল হোসেইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন আইনজীবী হিসেবে ইবনে আজিজ মো. নুরুল হুদাকে নিয়োগ দেয়।

এ বিষয়ে মির্জা আজম বলেন, ‘১৭ বছর আগে আনোয়ারা জুট মিল নিলামের সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটেছে। সরকার বন্ধ জুট মিলগুলো চালু করে দিচ্ছে। নিলামের সিদ্ধান্ত হওয়ার পরও আইনি লড়াইয়ের মাধ্যমে খুলনার আলিম জুট মিলসহ বেশ কয়েকটির নিলাম আদেশ বাতিল করা হয়েছে। আনোয়ারা জুট মিলের বিষয়েও একই রকম সিদ্ধান্ত ছিল। কিন্তু আমাদের আইনজীবী কাজ করেছেন প্রতিপক্ষের হয়ে। তাঁর অসাধুতার কারণে মন্ত্রণালয় সময়মতো ব্যবস্থা নিতে পারেনি। এর পেছনে মন্ত্রণালয় ও বিজেএমসির কয়েকজন কর্মকর্তাও জড়িত। তাঁরা সবকিছু জেনেশুনে কোনো ব্যবস্থা গ্রহণ না করে চুপচাপ বসে ছিলেন।’

তবে মিরাজুল হোসেইন প্রথম আলোকে বলেন, তাঁকে যখন দায়িত্ব দেওয়া হয় তার অনেক আগেই সরকারের পক্ষে কিছু করার সুযোগ শেষ হয়ে গেছে। মিলটি হাতছাড়া হওয়ার পুরো দায় মন্ত্রণালয় ও বিজেএমসির।

মন্ত্রণালয় থেকে জানা যায়, আনোয়ারা জুট মিলের কাছে সরকারের পাওনার পরিমাণ ১৭ কোটি ৩ লাখ ৯৪ হাজার টাকা। সরকার এখন কেবল পাওনাটাই পাবে। আর কিছু নয়।

 আনোয়ারা জুট মিল ১৯৮২ সালে বেসরকারি মালিকদের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত তৎকালীন শিল্পঋণ সংস্থার কাছে প্রতিষ্ঠানটির ৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার টাকা, উত্তরা ব্যাংকের কাছে ৪ কোটি ২৪ লাখ ৪৩ হাজার এবং অগ্রণী ব্যাংকের কাছে ৩৮ লাখ ৪৮ হাজার টাকা ঋণ ছিল। বর্তমানে এই ঋণ বেড়ে কত হয়েছে, সে হিসাব কেউ জানাতে পারেননি।