নিষেধাজ্ঞা তুলে নতুনভাবে তুলা রপ্তানির অনুমতি দিল না ভারত
তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েও ভারত সরকার একটি শর্ত জুড়ে দিয়ে নতুন করে তুলা রপ্তানির অনুমতি দিল না। বরং ৫ মার্চের আগে নিবন্ধিত তুলা রপ্তানিতেও নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে তুলা রপ্তানির অনুমতি দেওয়া হবে না। বরং জাহাজীকরণের অপেক্ষায় থাকা তুলা ও রপ্তানির জন্য যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো আগে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর নতুনভাবে রপ্তানির জন্য নিবন্ধের বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে নতুন অনুমতিপত্র পাওয়া নিবন্ধিত তুলা এক মাসের মধ্যে রপ্তানি সম্পন্ন করতে হবে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন ও রয়টার্সের। ভারতের বাণিজ্যসচিব রাহুল খুল্লার বলেন, ‘নতুন করে তুলা রপ্তানির জন্য নিবন্ধন দেওয়া হবে না। শুধু নিষেধাজ্ঞা আরোপের আগের নিবন্ধিত তুলাই রপ্তানি করার সুযোগ দেওয়া হবে।’ তিনি জানান, বর্তমানে রপ্তানির জন্য নিবন্ধিত প্রায় ২৫ লাখ বেল তুলা জাহাজীকরণের অপেক্ষায় আছে।বাণিজ্যসচিব আরও বলেন, ভারত থেকে রপ্তানি করা তুলার প্রায় ৮৫ শতাংশ চীনে যাচ্ছে। এভাবে দেশের বাইরে তুলার মজুদ গড়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। খুল্লার আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার জন্য দিন দশেক সময় লাগবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রীরা বিষয়টি আবার পর্যালোচনা করবেন।ভারতীয় কটন অ্যাসোসিয়েশনের সভাপতি ধীরেন শেঠ সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ‘আমরা অত্যন্ত হতাশ। রপ্তানির জন্য নিবন্ধিত তুলা পরীক্ষা-নিরীক্ষা করা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমি উদ্বিগ্ন যে নতুন করে রপ্তানির জন্য কোনো নিবন্ধন দেওয়া হবে না। এর মানে তো রপ্তানিতে সেই নিষেধাজ্ঞা রইল।’অথচ গত রোববার দেশটির বাণিজ্য, শিল্প ও বস্ত্রমন্ত্রী আনন্দ শর্মা সুস্পভাবে তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছিলেন। এর আগে ৫ মার্চ ভারতের কেন্দ্রীয় সরকার কাঁচা তুলা রপ্তানি নিষিদ্ধ করে। এরপরই বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা করে তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।দেশটির কৃষিমন্ত্রী শারদ পাওয়ার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি প্রমুখ অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।