নিষ্ক্রিয় অনেক বিও হিসাব
শেয়ারের বিপরীতে দেওয়া ঋণের জালে আটকে গেছে পুরো বাজার। আর ঋণ ও সুদ আদায়ে ব্যর্থ হয়ে অনেক ঋণদাতা প্রতিষ্ঠান অনেক বিও হিসাব নিষ্ক্রিয় (ব্লক) করে রেখেছে। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর শীর্ষ ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা জানান, তাঁদের প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক বিও হিসাব বর্তমানে নিষ্ক্রিয় বা ব্লক করে রাখা হয়েছে। কারণ মূলধন ঋণাত্মক হয়ে যাওয়ার কারণে এসব হিসাবধারীর কেউই এখন আর কোনো ধরনের যোগাযোগ করছেন না। এমনকি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেষ্টা করেও এসব বিনিয়োগকারীকে ফিরিয়ে আনা যাচ্ছে না। ২০১০ সালে বাজারের অস্বাভাবিক উত্থান পর্বে চালু হওয়া একটি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী জানান, তাঁদের প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ শরও বেশি বিও হিসাব নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাস শেষে শেয়ারবাজারে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্রোকারেজ হাউসের ঋণের পরিমাণ সাত হাজার কোটি টাকা আর মার্চেন্ট ব্যাংকের ঋণের পরিমাণ আট হাজার কোটি টাকা। গত তিন মাসে ঋণের এই পরিমাণ আরও বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।