ঋণের কারণে নিষ্ক্রিয় হয়ে পড়া শেয়ারবাজারের অসংখ্য বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবকে সচল করতে ঋণ বিধি শিথিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন ঋণ বিধি, ১৯৯৯-এর বিধি ৩(৫) ধারার কার্যকারিতা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে ৪ এপ্রিল নিষ্ক্রিয় ঋণ হিসাবগুলোকে সচল করতে ঋণ বিধির এই ধারাটি সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসইর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি গতকাল আইনের ওই ধারাটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এই ঋণ বিধিটি ঋণদাতা ব্রোকারেজ হাউসগুলোর জন্য প্রযোজ্য।ঋণ বিধির ওই ধারায় বলা আছে, ঋণ হিসাবের ক্ষেত্রে গ্রাহকের কোনো পত্রকোষে থাকা শেয়ারের বাজারমূল্য নির্দিষ্ট একটি সীমার নিচে নেমে গেলে গ্রাহককে ওই হিসাবে নতুন করে অর্থ জমা দিতে হবে। যদি কোনো গ্রাহক অর্থ জমা দিতে ব্যর্থ হন, তাহলে ওই হিসাবটির লেনদেন বন্ধ করে দেওয়া হবে।শেয়ারবাজারের চলমান দরপতনের কারণে অনেক ঋণ হিসাব লেনদেনে নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে ডিএসইর দাবি। তাই তাদের পক্ষ থেকে এসব হিসাব সচল করার সুপারিশ করা হয়।বিএসইসি ও ডিএসই উভয় সংস্থার কর্মকর্তারা মনে করছেন, এর ফলে নিষ্ক্রিয় অনেক ঋণ হিসাব পুনরায় সচল হবে। এমনকি এসব হিসাব বা পত্রকোষ পুনর্গঠনের সুযোগ তৈরি হবে। এতে বাজারে লেনদেনের কিছুটা হলেও উন্নতি হতে পারে।ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ বিধির একটি ধারা শিথিল করা হলেও অন্য সুপারিশগুলোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা কোনো সিদ্ধান্ত নেয়নি।ডিএসইর সুপারিশে আরও বলা হয়, যেসব গ্রাহকের পত্রকোষ বা ঋণ হিসাবের মূলধন ঋণাত্মক হয়ে গেছে, সেসব হিসাব পরিচালনার দায়িত্ব সাময়িকভাবে ঋণদাতা প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত করা হোক, যাতে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো নিজেরা নিয়মিত লেনদেনের মাধ্যমে এসব পত্রকোষ পুনর্গঠন করতে পারে।ডিএসই আরও বলেছিল, ঋণ বিধি সংশোধন করে এমন বিধান করা হোক, যাতে মূলধন ঋণাত্মক হয়ে যাওয়া হিসাবগুলোতে থাকা শেয়ারের বাজারমূল্য ন্যূনতম ১৩৫ শতাংশে উন্নীত না হওয়া পর্যন্ত কোনো পক্ষই অর্থ উত্তোলন করতে পারবে না।বাজার পরিস্থিতি: এদিকে দুই দিন দর বাড়ার পর গতকাল ডিএসইতে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতে কিছুটা দরপতন ঘটেছে। কমেছে এ খাতের লেনদেনের পরিমাণও। যদিও এদিন ঢাকার বাজারের মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৩৩ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৯৪ পয়েন্টে। এদিন ডিএসইতে ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩৫টিরই দাম বেড়েছে, কমেছে ৩১টির আর অপরিবর্তিত ছিল আটটির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১৮৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি টাকা বেশি।