নিষ্ক্রিয় ঋণ হিসাবগুলো সচল করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের কারণে নিষ্ক্রিয় হয়ে পড়া শেয়ারবাজারের অসংখ্য বিও (বেনিফিশারি ওনার্স) হিসাবকে সক্রিয় করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এসব নিষ্ক্রিয় হিসাব সক্রিয় করতে সংস্থাটি বেশ কিছু সুপারিশও করেছে। সম্প্রতি ডিএসইর পক্ষ থেকে এসব সুপারিশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো হয়েছে। ডিএসইর সভাপতি রকিবুর রহমান সংস্থাটির পক্ষ থেকে এসব সুপারিশ করেন। ডিএসই বলছে, ৩ এপ্রিল সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায় আলোচনা করে নিষ্ক্রিয় বিও হিসাব সক্রিয় করার সুপারিশ তৈরি করা হয়।ডিএসই বলছে, ঋণের কারণে যেসব পত্রকোষ বা গ্রাহক হিসাবের মূলধন ঋণাত্মক হয়ে গেছে, আইন সংশোধনের মাধ্যমে সেসব হিসাব পরিচালনার দায়িত্ব সাময়িকভাবে ঋণদাতা প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত করা হোক। এতে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো নিজেরা নিয়মিত লেনদেনের মাধ্যমে এসব পত্রকোষ পুনর্গঠন করতে পারে, হিসাবগুলোও লেনদেনে সক্রিয় হবে আর পত্রকোষ পুনর্গঠনের মাধ্যমে লোকসান ধীরে ধীরে কমে আসবে। ডিএসইর চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে শেয়ারবাজারে ঋণদাতা ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক—উভয় শ্রেণীর প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে প্রায় ১৫ হাজার কোটি টাকা ঋণ রয়েছে। বর্তমানে বাজারের যে অবস্থা, তাতে এই ঋণের ২৫ শতাংশ আদায়যোগ্য। বাকি ঋণ আদায়ের মতো অবস্থা নেই। এ কারণে ডিএসই সুপারিশ করেছে, ঋণ নীতিমালা সংশোধন করে এমন বিধান করা হোক, যাতে মূলধন ঋণাত্মক হয়ে যাওয়া হিসাবগুলোতে থাকা শেয়ারের বাজারমূল্য ন্যূনতম ১৩৫ শতাংশে উন্নীত না হওয়া পর্যন্ত কোনো পক্ষই অর্থ উত্তোলন করতে পারবে না। ডিএসই সুপারিশ অনুযায়ী, ধরা যাক, কোনো বিনিয়োগকারী নিজের ১০০ টাকা মূলধনের বিপরীতে ১০০ টাকা ঋণসুবিধা নিয়ে তাঁর পত্রকোষে বিনিয়োগ করেছেন। ওই পত্রকোষে থাকা শেয়ারের বর্তমান বাজারমূল্য নেমে এসেছে ৫০ টাকায়। এতে বিনিয়োগকারীর নিজের ১০০ টাকা মূলধনের পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের অর্ধেক হারিয়ে গেছে। এ ধরনের হিসাবগুলোর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ওই পত্রকোষে থাকা শেয়ারের বাজারমূল্য ১৩৫ টাকায় উন্নীত না হবে, ততক্ষণ ওই হিসাব থেকে গ্রাহক বা ঋণদাতা প্রতিষ্ঠান কোনো অর্থ উত্তোলন করতে পারবে না। নিষ্ক্রিয় ঋণ হিসাবগুলোকে সক্রিয় করতে মার্জিন ঋণসংক্রান্ত আইনের সংশোধনী ও সুনির্দিষ্ট নির্দেশনা তৈরির জন্য একটি কমিটি গঠনেরও সুপারিশ করেছে ডিএসই। এ ছাড়া পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কাছেও আলাদা চিঠি দিয়েছে ডিএসই। ওই চিঠিতে ব্যাংক ও আর্থিক খাতের যেসব প্রতিষ্ঠান নিজস্ব পত্রকোষে শেয়ারবাজারে বিনিয়োগ করে লোকসানের মুখে পড়েছে, সেসব প্রতিষ্ঠানের ওই লোকসানের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) আগামী বছরের জুন পর্যন্ত বন্ধ রাখাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এর আগে ৪ এপ্রিল ডিএসইর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমেও ব্যাংলাদেশ ব্যাংকের প্রতি এসব সুপারিশ তুলে ধরে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।