
সময়ের ব্যবধানে অনেক ঘটনার রেশই ফিকে হয়ে আসে। কিছু কিছু আবার কালের গর্ভে হারিয়েও যায়। এ ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম সাভারের রানা প্লাজা ধস। দেশের পোশাকশিল্পকে প্রশ্নবিদ্ধ করা স্মরণকালের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক হাজার ১৩৩ জন। আহত হয়েছেন কয়েক শতাধিক।
সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই ঘটনাটির ছয় মাস পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। তবে ভবন ধসে নিহত পোশাকশ্রমিকদের স্বজনেরা কিংবা আহত ব্যক্তিদের অনেকেই প্রধানমন্ত্রীর তহবিল থেকে এখনো আর্থিক সহায়তা পাননি। আর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও প্রাথমিক পর্যায়েই ঝুলে আছে।
বর্তমান কারখানার মানোন্নয়নের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও শ্রম মন্ত্রণালয় এবং ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের জোট যথাক্রমে অ্যাকর্ড ও অ্যালায়েন্স পৃথকভাবে কাজ করছে। তবে শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে সংশ্লিষ্ট মহলে খুব বেশি আলোচনা নেই। পোশাকমালিকদের সমিতি বিজিএমইএর নেতারাও পারতপক্ষে এ বিষয়ে কথা বলেন না। ফলে নিহত পরিবারের স্বজনেরা জানেন না আদৌ তাঁরা ক্ষতিপূরণ পাবেন কি না বা পেলেও সেটি কবে?
জানতে চাইলে এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ভবন ধসের পর তাৎক্ষণিকভাবে দেশি-বিদেশি অনেক সংস্থা প্রতিশ্রুতি দিয়েছিল। সাময়িকভাবে কিছু বাস্তবায়ন হলেও বর্তমানে তা অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে।’ তিনি বলেন, শুরুতে অনেকেই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও এখন আগ্রহ দেখাচ্ছেন না।
জানা যায়, রানা প্লাজা ধসে নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে ১৮ লাখ ৩৮ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি তাঁদের নাবালক সন্তানের পড়াশোনার খরচ দেওয়া হবে। গত ৩০ সেপ্টেম্বর সাভার সেনানিবাসে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় ক্ষতিপূরণের এই হার নির্ধারণ করা হয়। এতে আঘাতের ধরণ ও অবস্থা অনুযায়ী ২২১ জন আহত ব্যক্তির ক্ষতিপূরণের অঙ্কও নির্ধারণ করা হয়।
হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রানা প্লাজায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণের বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেন। এরই ধারাবাহিতায় অর্থনীতিবিদ এম এম আকাশকে প্রধান করে নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি কমিটি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ বি এম আবদুল হান্নানকে প্রধান করে আহত ব্যক্তিদের অবস্থা মূল্যায়নের জন্য আরেকটি উপকমিটি করা হয়।
এ বিষয়ে এম এম আকাশ গতকাল প্রথম আলোকে বলেন, ‘কমিটির পক্ষ থেকে ক্ষতিপূরণের প্রস্তাবটি ৩১ অক্টোবরের মধ্যেই হাইকার্টে সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানো হবে। এরপর সেখান থেকেই সিদ্ধান্ত আসবে। এখন প্রস্তাবটিতে সব সদস্যের স্বাক্ষর নেওয়ার কাজটি চলছে।’
ক্ষতিপূরণ কে দেবে—এমন প্রশ্নের জবাবে এম এম আকাশ বলেন, হাইকোর্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বেঞ্চ প্রাথমিকভাবে রানা প্লাজার মালিক, কারখানা মালিক বা তাঁদের প্রতিনিধি হিসেবে বিজিএমইএ এবং যেসব সরকারি কর্মকর্তা বা দপ্তরের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তাঁদের চিহ্নিত করেছিলেন।
কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আহত শ্রমিক যাঁদের একটি অঙ্গহানি হয়েছে তাঁদের ১০ লাখ টাকা, দুটি অঙ্গহানি হলে ১৫ লাখ টাকা আর যাঁদের এর বেশি আঘাত বা একেবারেই পঙ্গু হয়ে গেছেন যাঁরা তাঁদের ২০ লাখ টাকা ক্ষতিপূর দেওয়ার কথা বলা হয়েছে।
তবে এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘তাজরীনের পর প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে ৭ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। আমরা সেটিকে রেফারেন্স হিসেবে নিতে বলেছিলাম।’
শহিদুল্লাহ আজিম আরও বলেন, বর্তমান প্রস্তাবে ক্ষতিপূরণ দিতে ৩০০ কোটি টাকা লাগবে। এই টাকা কোথা থেকে আসবে? এ ধরনের প্রস্তাবে শ্রমিকেরা দ্বিধাবিভক্ত হতে পারেন। তাই বিজিএমইএর এই প্রস্তাবের বিরোধিতা করেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী মাসে ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে।
এদিকে ১১ মাস পার হতে চললেও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৩ শ্রমিকের পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি। বাকি ৯৯ নিহত শ্রমিকের পরিবার সাত লাখ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে।
আর্থিক সহায়তা পাননি অনেকে
নিহত পোশাকশ্রমিকের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এখন পর্যন্ত ৭৭৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আহত প্রায় ৩৬ জন সাহায্য পেয়েছেন। তবে নাম-পরিচয় থাকার পরও গত ছয় মাসে ৬৫ জন নিহত শ্রমিকের পরিবার এখনো আর্থিক সহায়তা পায়নি।
অবশ্য জুরাইন কবরস্থানে দাফন করা নাম পরিচয়হীন ২৯১ লাশের ডিএনএ পরীক্ষা এখনো চলছে। আর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিখোঁজ ২৬১ জনের একটি তালিকা করা হয়েছে। শিগগিরই তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হতে পারে বলে জানালেন বিজিএমইএর নেতারা।
গত ১৪ জুলাই সংসদে প্রশ্ন-উত্তর পর্বে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী জানিয়েছিলেন, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে এ পর্যন্ত প্রদান করা অর্থের পরিমাণ ১২৭ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪৯ টাকা।
প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া তথ্যমতে, তহবিল থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারকে সাত দফায় এখন পর্যন্ত ১৭ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৪ জুলাই নিহত ১২৩ পোশাকশ্রমিকের পরিবারের ১৭৫ জনকে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ছয় মাস পার হতে চললেও অনেকেই সহায়তা পাননি। এটি দুঃখজনক।