নিহত শ্রমিকের জন্য ৫৭ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি
সাভারের রানা প্লাজা ধসে নিহত প্রত্যেক শ্রমিক পরিবারের জন্য সর্বোচ্চ ৫৭ লাখ ৬০ হাজার ৭৫৮ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল। এর মধ্যে নিহতের পরিবারের দুঃখ ও দুর্দশা বাবদ পাঁচ লাখ টাকা এবং আনুমানিক ৪০ বছরের মজুরি ৫২ লাখ ৬০ হাজার ৭৫৮ টাকা ধরা হয়েছে।
শ্রমিক সংগঠনটি বলেছে, আনুমানিক ৪০ বছরের মজুরি (মাসে ছয় হাজার টাকা) ও বছরে দুটি উৎসব ভাতা ধরে বার্ষিক মোট প্রাপ্য হিসাব করা হয়েছে। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১২১ কনভেনশন অনুযায়ী মোট মজুরি ও উৎসব ভাতার ৫০ শতাংশ করে হিসাব করতে হয় বলে বার্ষিক মোট প্রাপ্য অর্ধেক হয়। এর সঙ্গে ৫ শতাংশ বার্ষিক মূল্যস্ফীতি হিসাব করে একজন শ্রমিকের ক্ষতিপূরণের হার নির্ধারণ করা হয়েছে। অবশ্য ক্ষতিপূরণের এ অর্থের পরিমাণ নিহত শ্রমিকদের বয়সভেদে ভিন্ন হবে। এ ক্ষেত্রে আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকের গড় আয়ু হিসাব করা হয়। ফলে রানা প্লাজা ধসে নিহত কোনো শ্রমিকের বয়স ৩০ বছর হলে তাঁর পরিবার ৩৭ বছরের মজুরি এবং দুঃখ ও দুর্দশার ক্ষতিপূরণ পাবেন। এখানে বাংলাদেশে মানুষের গড় আয়ু ৬৭ বছর ধরা হয়েছে।
‘লস অব ফিউচার আর্নিং’ ও ‘পেইন অ্যান্ড সাফারিং’ নীতিমালার ভিত্তিতে ক্ষতিপূরণের এ অর্থ নির্ধারণ করা হয়েছে, যা বিদেশি ক্রেতা, ব্র্যান্ড, সরকার, বিজিএমইএ ও কারখানা মালিককে মিলে দিতে হবে।
রানা প্লাজা ধসের এক বছর পূর্তি সামনে রেখে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার এ দাবি তুলে ধরেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের মহাসচিব রায় রমেশ চন্দ্র। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সদস্য আমিরুল হক, আবু তাহের, গিয়াস উদ্দিন, রহুল আমিন প্রমুখ।
সংগঠনের নেতারা বলেন, রানা প্লাজা ধসে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য চার কোটি ডলারের ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’ গঠিত হয়েছে। এ ট্রাস্ট ফান্ডের সভাপতি আইএলও। ইতিমধ্যে এ তহবিলে ৮০ লাখ ডলার জমা হয়েছে।
এ ছাড়া প্রাইমার্ক দিচ্ছে ৯০ লাখ ডলার। এ অর্থ রানা প্লাজার দ্বিতীয় তলায় থাকা নিউ ওয়েভ বটমস লিমিটেডের ৫৮০ জন শ্রমিকের ক্ষতিপূরণ দেওয়া হবে। অবশ্য তহবিলে না দিয়ে প্রাইমার্ক নিজেরাই ক্ষতিগ্রস্তদের এ অর্থ পৌঁছে দেবে। এ ছাড়া ট্রাস্ট ফান্ডে ১০ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে প্রাইমার্ক। এর আগে প্রাইমার্ক তিন হাজার ৩৬৯ জনকে ৪৫ হাজার করে টাকা দিয়েছে।
রায় রমেশ চন্দ্র বলেন, ‘নিহতদের জন্য ক্ষতিপূরণ অঙ্ক নির্ধারণ হলেও আহত শ্রমিকদেরটি বাকি আছে। বিশেষজ্ঞদের সমন্বয়ে আমরা কাজটি করছি। কিছুদিন সময় লাগবে।’
জানা গেছে, আইএলও এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পরিমাণ চূড়ান্ত করতে পারে। ক্ষতিপূরণ দেওয়ার জন্যও ক্ষতিগ্রস্তদের কাছ থেকে দাবিনামার ফরম গ্রহণ ও যাচাই করা হচ্ছে। আর ক্ষতিপূরণের অর্থ ট্রাস্ট ফান্ড থেকে প্রদান করা হবে।
ইন্ডাস্ট্রিঅলের মহাসচিব আরও বলেন, ‘১৫ এপ্রিলের মধ্যে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত সবাইকে (তিন হাজার ৩৬৯ জন) ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। ট্রাস্ট ফান্ড থেকে ক্ষতিপূরণ বাবদ এই টাকা অগ্রিম দেওয়া হবে। যারা নিখোঁজ আছেন, তাঁরাও এ টাকা পাবেন।’
এক প্রশ্নের জবাবে রায় রমেশ বলেন, ‘রানা প্লাজায় পোশাক তৈরি করা ২৬টি ব্র্যান্ডের মধ্যে ১০ ব্র্যান্ড তহবিলে অর্থ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আর বাকিদের রাজি করানোর চেষ্টা চলছে। অবশ্য বিশ্বখ্যাত যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট সব সময়ই ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে। তাদের দৃষ্টিভঙ্গি সুস্থ না। ’
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশের চেয়ারম্যান নজরুল ইসলাম খান শ্রম আইন সংশোধনের দাবি জানিয়ে বলেন, ‘শ্রম আইনে যে ক্ষতিপূরণের কথা উল্লেখ আছে, সেটি খুবই অল্প। সে জন্য আমরা একটি মানদণ্ড ঠিক করতে চাইছি, যা পরবর্তীতেও অনুসরণ করা যাবে।’
সংবাদ সম্মেলনে ভবিষ্যতে রানা প্লাজার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবন বিধিমালা অনুসরণ, নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন ও আইনি ব্যবস্থা নেওয়ার জোরদার করতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। তাঁদের মত, এগুলো নিশ্চিত করা না গেলে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকবে।