নিয়ন্ত্রক সংস্থাকে প্রজ্ঞাপন জারি করতে হবে সমিতির সঙ্গে আলোচনা করে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনব সব দাবি জানিয়েছে বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।সমিতিটি বলেছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গত কয়েক মাসে অনেক প্রজ্ঞাপন জারি করেছে, যা বাস্তবসম্মত নয়। শিগগির এসব প্রজ্ঞাপন স্থগিত করতে হবে। আর এখন থেকে প্রজ্ঞাপন জারি করতে হবে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে। গতকাল সোমবার ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতিটি এসব দাবি উত্থাপন করে। এতে বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ ও বিআইএর চেয়ারম্যান শেখ কবির হোসেন।জানা গেছে, সংবাদ সম্মেলন শুরুর আগে ঢাকা ক্লাবে এক জরুরি বৈঠক করেন বিভিন্ন বিমা কোম্পানির উদ্যোক্তারা। সংবাদ সম্মেলনে এ কে আজাদ বলেন, আইডিআরএর জারি করা প্রজ্ঞাপনগুলো ব্যবসাবান্ধব নয়, বাস্তবসম্মতও নয়। যখন বিশ্বব্যাপী মন্দা চলছে এবং বিদ্যুতের অভাবে অনেক প্রতিষ্ঠান উৎপাদন করতে পারছে না, তখন প্রতিষ্ঠানের খরচ বেড়ে যায় এমন সব উদ্যোগ নেওয়া হচ্ছে। আর আইডিআরএ এগুলো করছে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা না করেই।এ কে আজাদ আরও বলেন, আইডিআরএ সম্প্রতি বেশ কিছু জরিমানা করেছে, যাতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিমাশিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রজ্ঞাপনগুলো স্থগিত করার কোনো বিকল্প নেই। শেখ কবির হোসেন বলেন, ‘আইডিআরএ যেসব প্রজ্ঞাপন জারি করেছে তা আমাদের মনঃপূত হয়নি। এতে বিমা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে।’বিআইএ চেয়ারম্যান দাবি করেন, আইডিআরএ কোনো সিদ্ধান্ত নিলে যেন বিআইএর সঙ্গে আলোচনা করা হয়। তিনি বলেন, সরকার বিমা শিল্পের স্বার্থে নতুন আইন পাস করলেও আইডিআরএ তার অপব্যবহার করছে।আইডিআরএ সম্প্রতি যে প্রজ্ঞাপনগুলো জারি করেছে, সেগুলোর মধ্যে আছে পরিচালকেরা নিজেদের অন্য আর্থিক প্রতিষ্ঠানের বিমা নিজের কোম্পানিতে করতে পারবেন না, বিমা কোম্পানির পরিচালকেরা অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারবেন না, সাধারণ বিমা কোম্পানিগুলোকে মাসিক ভিত্তিতে ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে ইত্যাদি। এ ছাড়া আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে কয়েক মাস ধরেই কোম্পানিগুলোকে জরিমানা করছে আইডিআরএ। বিমা খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইডিআরএ সব প্রজ্ঞাপন জারি করছে বর্তমান সরকারের সময়ে পাস হওয়া বিমা আইন, ২০১০ অনুযায়ী। খাতটি বহু বছর ধরেই সরকারের মনোযোগের বাইরে ছিল বলে নানা অনিয়ম-দুর্নীতি এতে জেঁকে বসেছে। নবগঠিত আইডিআরএ এখন যখন একে একে অনিয়ম চিহ্নিত করে তা থেকে উত্তরণের পদক্ষেপ নিচ্ছে, তখন এ খাতের সুবিধাভোগীরা তা মানতে চাইছেন না।তাঁরা আরও বলেন যে বাংলাদেশ ব্যাংক যখন ব্যাংক খাতের জন্য প্রজ্ঞাপন জারি করে, তখন ব্যাংকমালিকদের সমিতির সঙ্গে আলোচনা করা হয় না।জানা গেছে, গতকালের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং এফবিসিসিআইয়ের সাবেক চার সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুণ, আবদুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন ও আনিসুল হক। এ ছাড়া বৈঠকে সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীন, ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম, সাবেক সাংসদ আলহাজ মকবুল হোসেন, আওয়ামী লীগের নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, ডিএসই সভাপতি শাকিল রিজভী, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু নাসের মোহাম্মাদ আবদুজ জাহের প্রমুখ যোগদান করেন।