পুঁজিবাজারের সামপ্রতিক অবস্থা ও সম্ভাব্য গতিপথ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক মাহমুদ ওসমান ইমামপ্রথম আলো: পুঁজিবাজার এখন কোন অবস্থানে দাঁড়িয়ে?মাহমুদ ওসমান ইমাম: ২০১০ সালের শেষ দিক থেকে বাজারে ধসের প্রবণতা দেখা দিয়েছে। এটা আসলে অনিবার্য ছিল। ২০০৮, ২০০৯ ও ২০১০—এই তিন বছরে প্রাথমিক শেয়ার (আইপিও) ও রাইট শেয়ারের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা এসেছে বাজারে। অথচ এই সময়ে বাজার মূলধন বেড়েছে পাঁচ গুণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রোড শো করার পাশাপাশি সদস্যদের শাখা বাড়িয়েছে দেড় গুণ। বাজারকে গ্রামাঞ্চলে বিস্তৃত করা হয়েছে। অর্থাৎ কৃত্রিম চাহিদা তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করা হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ-সংকটের কারণে শিল্পে নতুন ধরনের বিনিয়োগ না হওয়ায় ব্যাংকগুলোর কাছেও তখন অতিরিক্ত তারল্য ছিল। সবারই মনোযোগ তখন পুঁজিবাজারে। কিন্তু উপেক্ষিত থেকে গেছে শেয়ার সরবরাহ। চাহিদা ও সরবরাহের এই সংকট একসময় তীব্র হয়ে অনিবার্য হয়ে ওঠে ধস।অন্যদিকে এই বাজারের দুর্বলতম দিক হচ্ছে যথাযথ তদারকি না থাকা। প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে ডিএসই এ ব্যাপারে কখনোই তেমন কোনো কাজ করে না। একসময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বাংলাদেশ ব্যাংক—দুই নিয়ন্ত্রক ঠিকই বুঝতে পারে যে কী হতে যাচ্ছে। যদিও কেউই যথার্থ ভূমিকা পালন করতে পারেনি। তখন এসইসি হয়ে পড়ে অস্থির—মার্জিন ঋণ একবার বাড়ায়, আবার কমায়। আর বাংলাদেশ ব্যাংক তদারকির উদ্যোগ নিয়েও গুটিকয় ব্যক্তির হস্তক্ষেপে পিছিয়ে যায়। নিয়ন্ত্রকদের এত দুর্বল হলে চলে না। প্রশ্ন: নিয়ন্ত্রকদের দুর্বলতা কি এখন কেটে গেছে?মাহমুদ ওসমান ইমাম: মোটেই কমেনি। সমন্বয়হীনতা একটু কমেছে, কিন্তু রয়েই গেছে। ফখরুদ্দীন আহমদ গভর্নর থাকার সময় থেকে সব নিয়ন্ত্রকের সমন্বয় সভা হয়ে আসছে। মুশকিল হলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে হলে এটি হয়। গভর্নর উপস্থিত না থাকলে এসইসির চেয়ারম্যানের সভাপতিত্বে হওয়ার কথা। সেটি হলে আবার বাংলাদেশ ব্যাংকের কেউ উপস্থিত হতে চান না। সম্ভবত এখানে অযৌক্তিক ও মিথ্যা আভিজাত্য কাজ করে। যাই হোক, দেরিতে হলেও সাবসিডিয়ারি কোম্পানি গঠনের মাধ্যমে ব্যাংকগুলো থেকে মার্চেন্ট ব্যাংকগুলো আলাদা হয়েছে। ব্যাংক থেকে দেদার টাকা এনে মার্চেন্ট ব্যাংকগুলো যাচ্ছেতাই হারে ঋণ দিত। ২০০৯ সালের অক্টোবরে এই নির্দেশ দেওয়া হলেও ওই সময়ে চার-পাঁচটি ব্যাংক তা বাস্তবায়ন করে। বাকিরা করে ২০১১ সালে এসে। বাংলাদেশ ব্যাংক তখন চেয়ে চেয়ে দেখেছে।প্রশ্ন: বলা হয়ে থাকে, উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে দুই শতাংশ শেয়ার হাতে রাখার বাধ্যবাধকতা বুমেরাং হয়েছে। আসলেও কি? মাহমুদ ওসমান ইমাম: বাজার উল্লম্ফনের সুবিধা উদ্যোক্তারা ভোগ করেছে। একপর্যায়ে তাদের হাতে কোনো শেয়ার নেই। এসইসি তখন ভাবল যে তাদের ন্যূনতম শেয়ার থাকা দরকার। আগামী ২২ মের মধ্যে এই বাধ্যবাধকতা পালন করতে হবে। তবে এটি ধাপে ধাপে করা যেত। যেমন: তিন মাসের মধ্যে ১৫, ছয় মাসের মধ্যে ২০, নয় মাসের মধ্যে ২৫ এবং এক বছরের মধ্যে ৩০ শতাংশ। ধাপে ধাপে না করলে তা উদ্যোক্তা শেয়ারধারীদের মধ্যে কারসাজির সুযোগ তৈরির শঙ্কা থেকে যায়। আবার ২ শতাংশ পূরণ করতে না পারলে যে পরিচালক থাকা যাবে না, তা ঠিক আছে। কিন্তু ৩০ শতাংশ পূরণ না হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা বলা নেই।প্রশ্ন: ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা স্কিম সম্পর্কে কিছু বলবেন? মাহমুদ ওসমান ইমাম: এখানে উচিত ছিল, ২০১০ সালের জুলাই থেকে একই বছরের ডিসেম্বরের মধ্যে যাঁরা নতুন ঢুকেছেন এবং ঋণ নিয়েছেন, তাঁদের চিহ্নিত করা। ১০০ টাকা ঋণের বিপরীতে কেউ যদি ১৫০ টাকা ঋণ নিয়ে থাকেন, তাহলে ৪০ শতাংশ সূচক পড়লেই তাঁর মূলধন না থাকার কথা। এঁদের আলাদা করা যেত। অন্যদিকে, ঋণের সুদ মওকুফের বিষয়ে এখনো কিছু জারি হয়নি। তবে কর থেকে কেটে রাখতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। আর আইপিওতে যে কোটা রাখার কথা বলা হয়েছে, এটি নিয়েও জটিলতা হতে পারে। দরকার বিও নম্বর, ব্রোকার হাউস ও ঠিকানা দিয়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ করা।প্রশ্ন: আমাদের বাজার কি মূলধন সংগ্রহের দর্শনের জায়গায় আছে?উত্তর: এ ব্যাপারে সরকারকে এগিয়ে আসতে হবে। এমন নীতি গ্রহণ করা দরকার যে ব্যাংক শুধু চলতি মূলধন দেবে। বড় কিছু করতে গেলেই ভাবতে হবে পুঁজিবাজারের কথা। আর ভালো ভালো কোম্পানিকে বাজারমুখী করার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জগুলো ভূমিকা পালন করতে পারে। দুঃখজনক যে ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজারের কথা উদ্যোক্তারা ভাবেন না। কারণ তাঁরা নজরদারি ও স্বচ্ছতা চান না।[সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম]