নিয়ন্ত্রিতভাবে স্কুল ব্যাংকিংয়ের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা নিয়ন্ত্রিতভাবে স্কুল ব্যাংকিংয়ের নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুসারে ছয় থেকে শুরু কিন্তু ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা যেকোনো ব্যাংকে গিয়ে ১০০ টাকা জমার বিপরীতে ব্যাংক হিসাব খুলতে পারবে।
ব্যাংক হিসাবে জমা করা অর্থের উৎসের আইনগত বৈধতা থাকতে হবে। ছাত্রছাত্রীদের পক্ষে পিতা-মাতা বা আইনগত অভিভাবকের মাধ্যমে হিসাবটি পরিচালনা করতে হবে।
সঞ্চয়ের মাধ্যমে স্কুল ছাত্রছাত্রীদের অর্থনৈতিক তথা ব্যাংকিং কর্মকাণ্ডে যুক্ত করে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং তাদের আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে তুলতে স্কুল ব্যাংকিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। ২০১০ সাল থেকে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিং বিষয়ে বিশেষ উৎসাহ দিয়ে আসছে। আর গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক স্কুল ব্যাংকিং বিষয়ে নীতিমালা ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
এ হিসাবে সরকারি ফি ছাড়া অন্য কোনো মাশুল নেওয়া যাবে না। ছাত্রছাত্রীর মাসিক বেতন পরিশোধ এবং বৃত্তি বা উপবৃত্তির অর্থ জমা করা যাবে। হিসাবের বিপরীতে এটিএম কার্ড ইস্যু করা যাবে।
এটিএম কার্ডের মাধ্যমে এবং পয়েন্ট অব সেলসে মাসে সর্বোচ্চ দুই হাজার টাকা তোলা যাবে এই হিসাব থেকে। তবে অভিভাবকের অনুরোধে এ সীমা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়ানো যাবে। হিসাবধারীর অভিভাবকের মুঠোফোনে লেনদেনের বিস্তারিত এসএমএস আকারে পাঠানোর ব্যবস্থা থাকতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, হিসাবধারী ছাত্রছাত্রী এবং অভিভাবক বা আইনগত অভিভাবক উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে। হিসাব খোলার সময় হিসাবধারী এবং হিসাব পরিচালনাকারী উভয়ের যথাযথ কেওয়াইসি (গ্রাহক সম্পর্কে বিস্তারিত তথ্য) নিশ্চিত হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র বা প্রত্যয়নপত্রের সত্যায়িত অনুলিপি লাগবে। এসব তথ্য আবার বাধ্যতামূলকভাবে ব্যাংকে সংরক্ষণ করতে হবে। এ ধরনের হিসাব সঞ্চয়ী হিসাব আকারে খুলতে হবে। তবে প্রয়োজনে এ হিসাব থেকে স্থানান্তরের মাধ্যমে যেকোনো সঞ্চয়ী স্কিম খোলা যাবে।
ব্যাংকগুলোকে প্রতি তিন মাস পর এ কার্যক্রমের অগ্রগতি বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। প্রতি ত্রৈমাসিকের পরবর্তী ১৫ দিনের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে হবে। এ ছাড়া ব্যাংকগুলোর বার্ষিক প্রতিবেদন এবং ওয়েবসাইটে স্কুল ব্যাংকিং-সংক্রান্ত কার্যক্রমের হালনাগাদ তথ্য প্রকাশ করার কথাও নীতিমালায় রয়েছে।