নিয়ম ভঙ্গ করায় ছয় প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা
তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির শেয়ার লেনদেনে সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গ করায় পাঁচটি ব্রোকারেজ হাউস ও একটি মার্চেন্ট ব্যাংককে ছয় লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে নিয়ম ভঙ্গ করায় আরও তিনটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ বুধবার কমিশনের নিয়মিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, স্টক ব্রোকার গ্লোব সিকিউরিটিজ লিমিটেড, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, সালতা ক্যাপিটাল লিমিটেড ও মার্চেন্ট ব্যাংক ফিডেলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড।বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ দিয়ে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় গ্লোব সিকিউরিটিজ লিমিটেড ও শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একইভাবে জেড ক্যাটাগরির কোম্পানি অনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার লেনদেনে মার্জিন ঋণ দিয়ে আইন ভঙ্গ করায় স্টক ব্রোকার মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্যারামাউন্ট ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে মার্জিন ঋণ প্রদান করে (৪০ পিই এর ওপর নন-মার্জিনেবল শেয়ারে) সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মার্চেন্ট ব্যাংক ফিডেলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে স্টক ব্রোকার মনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ও সালতা ক্যাপিটাল লিমিটেডকেও এক লাখ টাকা করে জরিমানা করা হয় আজকের কমিশন সভায়।এদিকে করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন বা প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালা পরিপালনে ব্যর্থতার জন্য রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড, ইউসিবিএল ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একইসঙ্গে গাইডলাইনের শর্তগুলো জরুরি ভিত্তিতে পরিপালনের নির্দেশ দিয়েছে কমিশন।