নিয়মনীতি না মেনেই খেলাপি ঋণ পুনঃ তফসিল করছে অনেক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মনীতির তোয়াক্কা না করেই খেলাপি ঋণকে ভালো মানের ঋণে পরিণত করছে কিছু ব্যাংক। পুনঃ তফসিলে অনিয়ম করেই এসব খেলাপি ঋণকে ভালো মানে দেখানো হচ্ছে।বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ পরিদর্শন করতে গিয়ে দেখেছে, নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় এককালীন জমা বা ডাউনপেমেন্টের শর্ত পালন না করেই খেলাপি ঋণ পুনঃ তফসিলের প্রক্রিয়া শুরু করছে কোনো কোনো ব্যাংক। অনেক ক্ষেত্রে বিভিন্ন সময়ে পরিশোধ করা কিস্তিকে এককালীন জমা দেখানো হচ্ছে এবং এর ভিত্তিতে পুনঃ তফসিল করা হচ্ছে।কিছু ক্ষেত্রে অন্য একটি ঋণ-হিসাব তৈরি করে সেই ঋণের টাকায় এককালীন জমা দেখানো হচ্ছে। আবার অগ্রিম তারিখ দেওয়া চেক নিয়েও পুনঃ তফসিলের ঘটনা উদ্ঘাটন করেছে কেন্দ্রীয় ব্যাংক।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল কোনো ব্যাংকে পরিদর্শনে গিয়ে কোনো ঋণে বড় ধরনের অনিয়ম পেলে সেটিকে খেলাপি চিহ্নিত করে আসত। আগে নিয়ম ছিল, এই খেলাপি ঋণকে ভালো মানে বা পুনঃ তফসিল করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হতো।কিন্তু ২০০৩ সালের জানুয়ারিতে এবং পরে ২০০৫ সালের এপ্রিলে এ বিষয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদের চিহ্নিত করা খেলাপি ঋণকেও পুনঃ তফসিল করার ক্ষমতা কিছু শর্ত সাপেক্ষে ব্যাংকগুলোকে দেওয়া হয়।তবে এ দফায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে গিয়ে দেখা গেছে, এসব ঋণ পুনঃ তফসিলের বিধান না মেনে ভালো মানে উন্নীত করা হচ্ছে।এতে ইতিমধ্যে অনেক ব্যাংকের সম্পদের গুণগত মান খারাপ হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে ব্যাংকগুলো বিপর্যয়ের মুখে পড়বে বলেও কেন্দ্রীয় ব্যাংক মনে করে।দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের ব্যাংকারস বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল রোববার। বৈঠকে এসব অনিয়মের বিষয়ে ব্যাংকগুলোকে সাবধান করা হয়েছে।বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, মুরশিদ কুলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, কোনো কোনো ব্যাংক ঋণ-বিশ্রেণীকরণের ক্ষমতা ঠিকমতো ব্যবহার করে না। এ কারণে তাদের সম্পদের গুণগত মান খারাপ হচ্ছে। তিনি বলেন, ‘আমরা তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছি, যারা ক্ষমতার অপপ্রয়োগ করবে, তাদের ক্ষমতা আমরা কেড়ে নেব।’এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, তাঁরা এ ধরনের ক্ষমতার অপব্যবহার করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি বলেন, ‘আমরা চাই ক্ষমতার অপব্যবহার করা হলে সুনির্দিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ঢালাওভাবে ক্ষমতা ফিরিয়ে নেওয়া ঠিক হবে না।’ব্যাংকারস বৈঠকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৩ সালের ১৩ জানুয়ারির সার্কুলার অনুযায়ী, কোনো খেলাপি ঋণ পুনঃ তফসিলের আগে ব্যাংকটিকে নিশ্চিত হতে হবে, যে প্রতিষ্ঠানের জন্য ঋণ গ্রহণ করা হয়েছে, সে প্রতিষ্ঠানে ঋণের অর্থ বিনিয়োগ করা হয়েছে অথবা ঋণের অর্থ অন্যত্র স্থানান্তর করা হয়নি এবং গ্রহীতা স্বভাবগতভাবে ঋণখেলাপি নয়, স্বাভাবিক ব্যবসায়িক কারণে খেলাপি হয়েছেন।