নীতি ও কাঠামোগত সমস্যা মোকাবিলা করছে শিল্প খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিল্প খাত দুই ধরনের সমস্যা মোকাবিলা করছে। একটি হলো নীতি প্রয়োগে প্রতিবন্ধকতা, অপরটি হলো কাঠামোগত প্রতিবন্ধকতা।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’ এই অভিমত প্রকাশ করেছে।প্রতিষ্ঠানটি আরও মনে করে, বিনিয়োগের চাহিদা হ্রাস, উচ্চ উৎপাদন-ব্যয়, বিনিয়োগযোগ্য মূলধনের ঘাটতি ও যথোপযুক্ত নীতিকাঠামোর অভাবে দেশের শিল্প খাতের প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে। শিল্প খাতে বাধাগুলো দূর করা এবং মধ্যম আয়ের অর্থনীতিতে পৌঁছার জন্য বর্তমান নীতি যথোপযুক্ত নয়। সুতরাং, সময় এসেছে নতুন করে শিল্পনীতি নিয়ে চিন্তা করার।প্রতিষ্ঠানটির বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনার সদ্য প্রকাশিত ফেব্রুয়ারি সংখ্যায় এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।এতে বলা হয়েছে, ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মোট মূলধনি যন্ত্রপাতি ও শিল্প কাঁচামাল আমদানির ঋণপত্র খোলা হয়েছে ৭৯৮ কোটি ২৪ লাখ ডলার, যা আগের বছরের একই সময় থেকে ৩ দশমিক ৩১ শতাংশ কম। আবার চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে শিল্পঋণ বিতরণ হয়েছে নয় হাজার ৭২০ কোটি ৩০ লাখ টাকার, যা আগের অর্থবছরের এপ্রিল-জুন সময়কালে বিতরণ করা ঋণ থেকে ৪৯৭ কোটি ৯১ লাখ টাকা কম।এতে শিল্প উৎপাদনের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ২০১২ সালের জানুয়ারিতে শিল্পের যৌগ উৎপাদন সূচক ছিল ৬০৩ দশমিক ৬৯ পয়েন্ট। অথচ এটি কমে আগস্ট মাসে ৫৮১ দশমিক ২৭ পয়েন্ট ও সেপ্টেম্বর মাসে ৫৭১ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়ায়, যা শিল্পের ক্রমহ্রাসমানতা প্রকাশ করছে।উন্নয়ন অন্বেষণের মতে, বর্তমান শিল্পনীতি একদিকে যেমন শিল্প খাতের বিদ্যমান বাধাগুলো অতিক্রম করতে পারছে না, অন্যদিকে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা, তা অর্জনেও সহায়ক হচ্ছে না।যেহেতু অর্থনৈতিক প্রবৃদ্ধি ভোগনির্ভর, তাই টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য উৎপাদন ও শিল্পায়ননির্ভর প্রবৃদ্ধির দিকে ধাবিত হতে হবে। শক্তিশালী, ক্রিয়াশীল, গতিশীল ও সৃজনশীল শিল্পনীতিই পারে বাংলাদেশের অর্থনীতিতে যুগোপযোগী পরিবর্তন আনতে। নীতি হতে হবে বাস্তবসম্মত এবং বর্তমানের নীতি থেকে পুরোপুরি ভিন্ন।প্রতিষ্ঠানটি বলছে, বিগত পাঁচ বছরে মোট দেশজ উৎপাদনে বৃহৎ শিল্পের অবদান পূর্ববর্তী পাঁচ বছরের তুলনায় হ্রাস পেয়েছে। ২০০১-০২ অর্থবছর থেকে ২০০৬-০৭ অর্থবছর পর্যন্ত বৃহৎ শিল্প খাতের গড় প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ২৫ শতাংশ। পক্ষান্তরে, গত পাঁচ বছরে (২০০৭-০৮ থেকে ২০১১-১২) এ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।উচ্চ সুদের হারের কারণে বিনিয়োগ কাঙ্ক্ষিতভাবে না-ও বাড়তে পারে বলে মনে করে উন্নয়ন অন্বেষণ।শিল্প খাতে বিদ্যুতের দাম ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রে বিদ্যুতের দাম গত বছর ফেব্রুয়ারি মাসে ছিল প্রতি ইউনিট ৪ দশমিক ৫৬ টাকা, যা সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ৬ দশমিক ৯৫ টাকা। আবার বৃহৎ শিল্পের ক্ষেত্রে বিদ্যুতের দাম ফেব্রুয়ারি মাসে ছিল ৪ দশমিক ১১ টাকা, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৮ টাকায়।