বাংলাদেশ ব্যাংক ১৯৮৯ সালের নভেম্বর মাসে একটি নির্দেশনা (সার্কুলার) দিয়ে ঋণের সুদ নির্ধারণের দায়িত্ব ব্যাংকগুলোর অর্থাৎ বাজারব্যবস্থার ওপর ছেড়ে দেয়। তার আগে কেন্দ্রীয় ব্যাংক সুদহার নির্ধারণ করে দিত। কিন্তু দুই দশক পর মুক্তবাজার অর্থনীতির বিপরীত প্রথায় কেন্দ্রীয় ব্যাংকই নিয়ন্ত্রণমূলক সুদহার আরোপ করে ২০০৯ সালের এপ্রিল মাসে।
সেই সময় বিশ্বমন্দা পরিস্থিতিতে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির প্রচেষ্টায় কৃষি খাত, বড় ও মাঝারি শিল্পের মেয়াদি ও চলতি মূলধন ঋণ, গৃহায়ণ এবং বাণিজ্যে অর্থায়নের সুদহার ১৩ শতাংশে নির্ধারণ করা হয়।
তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটিকে সঠিক মনে হলেও সময়ের ব্যবধানে তা ক্ষতিকারক প্রতীয়মান হয়েছে। সুদহার বেঁধে দেওয়ায় সে সময় ঋণের প্রবৃদ্ধি প্রায় ২৯ শতাংশে গিয়ে ঠেকে। তখন এক মাসের ব্যবধানে রেপো হার ৪০০ ভিত্তি পয়েন্ট (সেপ্টেম্বরে ৮.৫ শতাংশ থেকে নভেম্বরে ৪.৫ শতাংশ) কমে যায়। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্পে বিনিয়োগের অবকাঠামোর ঘাটতি বরাবরই রয়েছে। সেই ঘাটতির মধ্যেই ভারসাম্যহীনভাবে ঋণ বৃদ্ধির চেষ্টা কার্যত সমস্যা তৈরি করে।
এ পর্বে ব্যাংক থেকে টাকা নিয়ে একদল ব্যবসায়ী জমি কিনেছে, শেয়ারবাজারে খাটিয়েছে। ফলে এই দুই খাতেই দামের উচ্চ স্ফীতি (বাবলস) হয়েছে। যেমন, আবাসন খাতে বিনিয়োগ করে বেসরকারি সিটি ব্যাংকের বড় অঙ্কের টাকা খেলাপি হয়। শেয়ারবাজারে বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হয় ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক। ব্যবসায়ীরাও ব্যাংক থেকে ঋণ করে শেয়ারবাজারে বিনিয়োগ করে আটকে পড়ায় তাঁদেরও বড় অঙ্কের ঋণ খেলাপি হয়। আর অতিরিক্ত অর্থপ্রবাহে দাম বাড়ার পর দ্রুত বড় ধস নামায় সাধারণ বিনিয়োগকারীরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হন।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, বাজারে অর্থের প্রাচুর্য থাকার কারণে কিছু অর্থ ভিন্ন খাতে গেছে, যে কারণে ঋণ আটকেও পড়েছে। তাতে সুদের হার কমার ক্ষেত্রে অন্তরায় হয়ে থাকতে পারে।্র
বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ ৬ শতাংশ সুদে বিদেশ থেকে বেসরকারি খাতে ঋণ (বায়ার্স ক্রেডিট) আনার সুযোগ দেয় ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি থেকে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে ২০০ কোটি ডলারের এই ঋণ আনা হয়েছে। কিন্তু এই অর্থ আসার পরও অতিরিক্ত তারল্যের কারণে ঋণের সুদহারে কোনো পরিবর্তন আসেনি। অবকাঠামোর সীমাবদ্ধতায় এই বিদেশি ঋণের সব অর্থ বিনিয়োগ হয়নি। অনেক ক্ষেত্রে দেশের ব্যাংকে বিদেশি ঋণের অর্থ স্থায়ী আমানত হয়েছে। তাতে ১২-১৩ শতাংশ সুদ আয় করছেন কিছু ব্যবসায়ী।
সুদহার ব্যবধান: ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান কমিয়ে ঋণের সুদের হারে প্রভাব ফেলার চেষ্টা চলছে অনেক দিন ধরে। কিন্তু বিদেশি কোনো কোনো ব্যাংকের আমানতের গড় (ভারিত) সুদহার তিন শতাংশ। তাদের ব্যবধান পাঁচে আনতে হলে ঋণের সুদ হতে হয় আট শতাংশ, যা কার্যত সম্ভব নয়। তাই পাঁচ শতাংশীয় মাত্রায় (পারসেন্টেজ পয়েন্ট) ব্যবধান ধরে রেখে ঋণের সুদ কমানোর চেষ্টা কার্যকর হয়নি।
ব্যবধান হিসাবেরও বিভিন্ন পদ্ধতি আছে। যেমন: সুদ আয় ও ব্যয়ভিত্তিক পদ্ধতি, সম্পদ ও দায়ের ভিত্তিতে ব্যবসায়িক হিসাব পদ্ধতি এবং ব্যাংকের নিট সম্পদের ভিত্তিতে নিট সুদ আয়ভিত্তিক পদ্ধতি। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতি অনুসরণ করে তা নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো, বিশেষত বিদেশি ব্যাংকের নির্বাহীদের ভিন্ন মত আছে।
নীতি সুদহার: বাংলাদেশ ব্যাংকের একটি নীতিনির্ধারণী উপাদান হলো ট্রেজারি বিলের রি-পারচেজ অ্যাগ্রিমেন্ট (রেপো) বা পুনঃ ক্রয়চুক্তি। রেপোর সুদহার ৭ দশমিক ২৫ শতাংশ। প্রাথমিক ডিলার ব্যাংকগুলোর ওপর ট্রেজারি নিলামের অর্থ জোগানোর বাধ্যবাধকতা থাকে (যাকে বলা হয় ডিভল্ব)। এই ডিভল্বের কারণে কেন্দ্রীয় ব্যাংক ডিলার ব্যাংকগুলোকে একধরনের আর্থিক সহায়তা দেয়। যাকে বলা হয়, তারল্য সহায়তা বা লিক্যুইডিটি সাপোর্ট (এলএস), যার সুদও ৭ দশমিক ২৫ শতাংশ। তারল্য সহায়তা পাওয়া যায় এক নাগাড়ে ৬০ দিন। একসময় যা ছিল ৭৫ দিন।
সরকারের ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ছিল (অক্টোবর-নভেম্বর) ১২ দশমিক ৪৮ শতাংশ, ১৫ বছরে ১২ দশমিক ৪২ শতাংশ, ১০ বছরের ১২ দশমিক ২২ শতাংশ, পাঁচ বছরের ১১ দশমিক ৭৮ শতাংশ এবং দুই বছর মেয়াদের বন্ডের সুদহার ১০ দশমিক ৭০ শতাংশ। এমন পরিস্থিতিতে বড় মেয়াদি বন্ডে বিনিয়োগ করে যদি ৬০ দিন পর্যন্ত তারল্য সহায়তা পাওয়া যায় তাহলে লাভের হিসাবটা আরও বেড়ে যায়। সরকারের কাছে টাকা খাটানো এমনিতেই ঝুঁকিহীন। এ ছাড়া রেপোতে অতি সস্তায় অর্থ মিললে ঋণ দিয়ে ঝুঁকি নেওয়া বা সুদের হার কমানোর দিকে ব্যাংক আগ্রহী হবে না।
নিলাম পঞ্জিকা ও বাস্তবতা: সরকারের ট্রেজারি বিলের একটা নিলাম পঞ্জিকা (অকশন ক্যালেন্ডার) তৈরি করে বাংলাদেশ ব্যাংক। মাসভিত্তিক এই ক্যালেন্ডারে সরকার প্রতি সপ্তাহে ব্যাংকগুলো থেকে সম্ভাব্য কী পরিমাণ ঋণ করবে তার পরিকল্পনা দেওয়া থাকে। কিন্তু অক্টোবর-নভেম্বর মাসে তার চেয়ে অনেক বেশি ঋণ করা হয়েছে। এতে ব্যাংকগুলোর বিশেষত পিডি ব্যাংকের তহবিল ব্যবস্থাপনাতে সমস্যার সৃষ্টি হয়েছে।
সঞ্চয়পত্র: বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি এবং ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি বলে থাকে সঞ্চয়পত্রের সুদহার বেশি। ব্যাংক আমানতের সুদহার কম হলে জনগণ সঞ্চয়পত্রে গিয়ে তাদের আমানত জমা করবে। প্রকৃত বিষয়টি এ রকম নয়। কেননা সঞ্চয়পত্রের মেয়াদ পাঁচ বছর। এক বছরের কম সময়ে ভাঙলে সুদ পাওয়া যায় না। এক বছরের পর ভাঙলে সুদ আট শতাংশ। যা বর্তমানে আমানতের সুদের চেয়ে কম। উপরন্তু, সঞ্চয়পত্র লিয়েন রেখে ঋণও দেওয়া হয় না। কিন্তু এফডিআর লিয়েন রেখে ব্যবসায়ীরা ঋণ করেন।