শেয়ারবাজার নিয়ে ডেইলি স্টারের গোলটেবিল বৈঠকে অভিমত
নীতি-সমন্বয়হীনতা ও অনৈতিক যোগসাজশ সংকটের জন্য দায়ী
শেয়ারবাজারের চলমান সংকটের পেছনে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে নীতি-সমন্বয়হীনতা অনেকাংশে ভূমিকা রেখেছে। তবে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরস্পরের সঙ্গে অনৈতিক যোগসাজশ পরিস্থিতিকে আরও সঙ্গিন করে তুলেছে। এ অবস্থায় বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কেবল বিনিয়োগকারীদের আস্থা ফেরানো একমাত্র সমাধান নয়। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি বাজারের অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। পাশাপাশি বাজারকে চলতে দিতে হবে তার নিজ গতিতে। এ ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ বাজারের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে। ‘বাংলাদেশের পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি ও তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গতকাল শনিবার এসব মন্তব্য ও সুপারিশ তুলে ধরা হয়। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এ বৈঠকের আয়োজন করে। পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। আলোচনায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাজারের বর্তমান পরিস্থিতির জন্য সংশ্লিষ্টদের পরস্পরের সঙ্গে যোগসাজশ কম দায়ী নয়। যোগসাজশ রয়েছে কোম্পানি, নিরীক্ষক প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকের মধ্যে; এমনকি কিছু বিনিয়োগকারীর সঙ্গে কিছু কোম্পানিরও। কখনো স্টক এক্সচেঞ্জের সঙ্গেও কোম্পানির যোগসাজশ হয়—উল্লেখ করে মির্জ্জা আজিজ বলেন, স্টক এক্সচেঞ্জ কখনো কখনো দু-একটি কোম্পানির তালিকাভুক্তিতে বাধা দেয়। এ ক্ষেত্রে কোম্পানির মৌল ভিত্তির চেয়ে অন্য কারণই বড় হিসেবে দেখা দেয়। মির্জ্জা আজিজ আরও বলেন, বাজার যে অবস্থায় চলে গিয়েছিল তাতে মূল্য সংশোধন ছিল অনিবার্য। এরই মধ্যে সেটা ঘটেছে। তার পরও বাজার যথেষ্ট অতিমূল্যায়িত। তিনি বলেন, ‘সরকারের হস্তক্ষেপের কারণে বাজারের স্বাভাবিক সংশোধন হয়নি। বরং এর মাধ্যমে বিনিয়োগকারীদের বার্তা দেওয়া হয়েছে যে বাজার পড়লে তুমি দুটি গাড়ি ভাঙচুর করলে আমি ২০০ পয়েন্ট বাড়িয়ে দেব। পাঁচটা গাড়ি ভাঙলে সূচক বাড়বে ৫০০ পয়েন্ট। কিন্তু বিনিয়োগকারীদেরও বুঝতে হবে, শেয়ার যত দ্রুত মুনাফা হয়, তত দ্রুতই লোকসান হতে পারে।’ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেন, তারল্যপ্রবাহ সম্প্রসারিত হওয়া ছাড়া কোনো দেশের পুঁজিবাজার ফুলে-ফেঁপে উঠতে পারে না। বাংলাদেশেও একই ঘটনা ঘটেছে। পুঁজিবাজারের কালো টাকা বিনিয়োগের সুযোগ, ব্যক্তিপর্যায়ে মূলধনি আয় করমুক্ত রাখাসহ মুদ্রানীতির শিথিলতা বাজারকে ফাঁপিয়ে তুলেছিল। এ ক্ষেত্রে এসইসি ও স্টক এক্সচেঞ্জেরও দুর্বলতা ছিল।তিনি বলেন, সাম্প্রতিক ধস ঠেকাতে গিয়ে সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখাল, তাতে বাজারের বুদ্বুদ আরও দীর্ঘায়িত করা হলো। সরকারের উচিত পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সামষ্টিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, তা বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী বলেন, ১৯৯৬ সালে অনেক কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অতিরঞ্জন করা হতো। এবারও সেই প্রবণতা লক্ষ করা গেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ওই সময় মার্কবিডি নামে একটি জুতা প্রস্তুতকারক কোম্পানির প্রাথমিক শেয়ার ছাড়ার সময় ২৩ কোটি টাকার বিপরীতে ৩০০ কোটি টাকার আবেদন জমা পড়েছিল। তালিকাভুক্তির পর দেখা গেল, কোম্পানির হিসাব ভুয়া ছিল। তিনি আরও বলেন, এবার মডার্ন পলি নামের একটি কোম্পানি তথ্য গোপন করে বাজার থেকে অর্থ তুলতে চেয়েছিল। শেষ পর্যন্ত সেটি আটকানো গেছে। কোম্পানিগুলো যাতে হিসাব-কারসাজি করতে না পারে, সে জন্য নিরীক্ষক প্রতিষ্ঠানগুলোর হিসাব তদারকির আওতায় নিয়ে আসার ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করার তাগিদ দেন তিনি। এর জবাবে হিসাব নিরীক্ষক প্রতিষ্ঠান হুদাবাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির অংশীদার এ এফ নেসার উদ্দিন বলেন, ‘সব নিরীক্ষক প্রতিষ্ঠান এ রকম করে না। হাতেগোনা কিছু প্রতিষ্ঠান এটা করে থাকতে পারে। তবে এসইসি কীভাবে এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুমোদন দিচ্ছে সেটাও একটা প্রশ্ন।’ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ফখরুদ্দীন আহমেদ বলেন, কোম্পানির কোনো ঘোষণা আসার এক-দুই মাসেই আগেই বাজারে তা ছড়িয়ে পড়ছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট শেয়ারের প্রতি আকৃষ্ট করা হচ্ছে। তিনি সে প্রশ্ন তোলেন, এটা কী ধরনের প্রাতিষ্ঠানিক সুশাসন? বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমসের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সায়ীদ বলেন, শেয়ারবাজারে বিভিন্ন নীতির মধ্যে পরস্পরবিরোধিতা ছিল। এসইসি একদিকে ঋণের অনুপাত কমিয়ে তারল্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, অন্যদিকে কালো টাকা বিনিয়োগের সুযোগ, সুদের হার কমিয়ে তারল্য বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওসমান ইমাম বলেন, পুঁজিবাজারের আইনানুযায়ী এসইসি কোনো শেয়ারের মূল্য বেঁধে দিতে পারে না। কিন্তু ঋণ পাওয়ার জন্য কোম্পানির মূল্য আয় অনুপাত নির্দিষ্ট করে দিয়ে এসইসি পরোক্ষভাবে সেই কাজটিই করেছে। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদ, জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন ও জ্যেষ্ঠ গবেষক খোন্দকার গোলাম মোয়াজ্জেম, বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ, এল আর গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ ইসলাম প্রমুখ।