বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) অবদান মাত্র ১ শতাংশ। সামষ্টিক অর্থনৈতিক নীতিমালার সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করতে পারলে জিডিপিতে এফডিআইয়ের অবদান ৫ শতাংশে উন্নীত করা সম্ভব।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ড আয়োজিত ‘ম্যাক্রো ইকোনমিক পলিসি কনভার্জেন্স’ বা ‘সামষ্টিক অর্থনৈতিক নীতিমালায় সমধর্মিতা’ শীর্ষক এক সেমিনারে এমন মতামতই ব্যক্ত করেছেন আলোচকেরা। রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল রোববার এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক মোহাম্মদ ইউনুস।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, ‘বাংলাদেশ একটি দীর্ঘ সময় ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে, এটা ইতিবাচক। প্রবৃদ্ধির এই হার ৭ শতাংশে উন্নীত করতে হলে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।’
এফডিআই বাড়াতে বাংলাদেশের বাজারকে আরও উন্মুক্ত করার পক্ষে মত দেন বিরূপাক্ষ পাল। তিনি বাংলাদেশে স্যামসাংয়ের ৫০০ কোটি ডলারের (প্রায় ৪০ হাজার কোটি টাকা, প্রতি ডলার ৮০ টাকা হিসাবে) বিনিয়োগ প্রস্তাব ফিরে যাওয়ার পেছনে সামষ্টিক অর্থনৈতিক নীতির সমন্বয়হীনতাকে দায়ী করেন।
বাংলাদেশে জিডিপির অনুপাতে ঋণের প্রবাহ ২৯ শতাংশ থাকাকে অনেক কম উল্লেখ করে বিরূপাক্ষ পাল বলেন, ‘ভারত, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোতে এই হার ৭০ শতাংশ।’ ঋণের সুদহার বেশি হওয়ায় বেসরকারি খাতের বিনিয়োগকারীরা ঋণ কম নেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি। সে জন্য ঋণের প্রবাহ বাড়াতে সুদহার কমানোর পাশাপাশি খেলাপি ও মন্দ ঋণের পরিমাণ কমিয়ে আনার পরামর্শ দেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ।
আমির হোসেন আমু বলেন, ‘ব্যাংকের সুদের হার বেশি হলেও সম্প্রতি উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে এটি কমিয়ে আনা হয়েছে। আশা করি, খুব শিগগির এটি এক অঙ্কে নেমে আসবে। নতুন শিল্পনীতিতে বিষয়টির প্রতি বিশেষ নির্দেশনা থাকবে।’
তবে সুদের হার খুব বেশি কমানোর নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, দেশের বিশাল বাজেটের আয়ের উৎস মূলত স্থানীয় রাজস্ব। উন্নয়ন বাজেটের বেশির ভাগই স্থানীয় আয় থেকে সংকুলান করতে হচ্ছে। ব্যাংকঋণের সুদের হার একেবারে কমিয়ে দিলে স্থানীয় সঞ্চয়ের ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, ‘সরকারের শিল্প ও বিনিয়োগবান্ধব নীতি গ্রহণের ফলে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ ক্রমেই বাড়ছে। এফডিআই বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বিনিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা কাজ করছে। আশা করি, আগামী কয়েক বছরের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে।’
বাংলাদেশে নতুন এফডিআই আসার ক্ষেত্রে উচ্চহারের কর বড় প্রতিবন্ধক। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ফরিদ উদ্দিন বলেন, ‘করপোরেট কোম্পানিগুলো থেকে যে হারে কর আদায় করা হয়, তা তুলনামূলক বেশি। তবে করপোরেট কোম্পানিগুলো থেকে পাওয়া কর আমাদের রাজস্ব আয়ের একটি বড় উৎস। তাই চাইলেই করপোরেট করের হার কমানো সম্ভব নয়।’
২০১৮ সালের মধ্যে রাজস্ব আয়ের পরিমাণ জিডিপির ১৪ শতাংশে উন্নীত করা কঠিন হবে বলে মনে করেন ফরিদ উদ্দিন। এ লক্ষ্য অর্জনে এনবিআরের প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০১০ সাল পর্যন্ত আদালতের নিষেধাজ্ঞার কারণে এনবিআরে নতুন লোকবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে লোকবল নিয়োগ দিয়ে তাঁদের দক্ষতা উন্নয়ন, রাজস্ব আদায়ে দ্রুত ডিজিটালাইজেশন-প্রক্রিয়া সম্পন্ন এবং সর্বোপরি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে জিডিপিতে দেশের রাজস্ব আয়ের অবদান মাত্র ৯ শতাংশ।