নীতি-সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামাঞ্চলে গরুর খাঁটি দুধ এখনো নিত্যদিনের খাবার হলেও শহরের বাসিন্দারা সে সুযোগ থেকে বঞ্চিত। তাদের ভরসা প্যাকেটজাত পাস্তুরিত তরল দুধ। কিন্তু প্রক্রিয়াকরণ করে প্যাকেটজাত করছে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান। ফলে প্রায়ই দেখা দেয় সরবরাহ-সংকট।দুগ্ধ প্রক্রিয়াজাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যথেষ্ট সম্ভাবনা থাকার পরও দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্পের বিকাশ হচ্ছে ধীরে। সরকারি নীতি-সহায়তার অভাবই এ জন্য দায়ী। তাঁরা বলছেন, সরকার যদি দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্পের দিকে নজর দেয়, তাহলে দেশে ব্যাপক কর্মসংস্থান হবে, দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে এবং পুষ্টির চাহিদা পূরণ হবে।জানা যায়, সারা দেশে বছরে ২৭০ কোটি লিটার তরল দুধ উৎপাদিত হয়। তবে উৎপাদিত দুধের মাত্র ১৫ কোটি লিটার প্রক্রিয়াজাত হচ্ছে। বর্তমানে মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, বিক্রমপুর ডেইরি, আকিজ, সাভার ডেইরিসহ দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান দুগ্ধ প্রক্রিয়াকরণ করে বাজারজাত করছে। প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর কয়েকটি গুঁড়ো দুধ, দই ও ঘি বাজারজাত করছে।দেশে দুই ধরনের প্রক্রিয়াকৃত দুধ বাজারজাত হচ্ছে। একটি (আলট্রা হাই টেমপারেচার—ইউএইচটি) ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। অন্যটি পাস্তুরিত দুধ।প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রথম আলোকে জানান, দুগ্ধশিল্পের প্রবৃদ্ধি প্রতিবছরই ১৫ শতাংশ করে বাড়ছে। সে হিসাবে পাঁচ বছর আগেও দেশে দুধ প্রক্রিয়াজাত হতো মাত্র ৬৭ কোটি লিটার। অর্থাৎ গত পাঁচ বছরে দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণের হার বেড়েছে ১২৩ শতাংশের বেশি।বর্তমানে বিদেশ থেকে আমদানির মাধ্যমেই গুঁড়ো দুধের চাহিদা পূরণ হচ্ছে। দেশে এখন বছরে গুঁড়ো দুধের চাহিদা ৫৫ হাজার টন। এ জন্য আমদানিকারকেরা বেশ শুল্কসুবিধাও ভোগ করছেন। প্রতিবছরই সরকার গুঁড়ো দুধ আমদানিতে শুল্কের হার কমিয়ে দিচ্ছে। গুঁড়ো দুধ আমদানিতে বর্তমানে ৩৩ শতাংশ শুল্ক দিতে হয়। গত অর্থবছরে শুল্কহার ছিল ৩৭ দশমিক ২৫ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে ছিল ৫১ দশমিক ৫ শতাংশ।আমদানিকারকদের ক্রমাগত সুবিধা দেওয়ার কারণেই দেশীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকারীরা গুঁড়ো দুধ তৈরিতে আগ্রহী হচ্ছেন না বলে মনে করেন দুগ্ধ প্রক্রিয়াজাতকারীরা। প্রতি সাত লিটার তরল দুধ প্রক্রিয়াজাত করে এক কেজি গুঁড়ো দুধ তৈরি করা যায়। বর্তমানে প্রাণ ও মিল্ক ভিটার পাউডার মিল্ক প্ল্যান্ট রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, দেশের চাহিদার একটি বড় অংশ পূরণ করার সক্ষমতা রয়েছে দেশীয় প্রতিষ্ঠান দুটির। সরকার যদি গুঁড়ো দুধ আমদানির ওপর শুল্ক বাড়ায়, তাহলে দেশীয় প্রতিষ্ঠানই সেই বাজার ধরতে পারবে। নতুন প্রতিষ্ঠানও এগিয়ে আসবে।দুগ্ধ প্রক্রিয়াজাতকারীরা বলছেন, স্থানীয় পর্যায়ে উৎপাদিত তরল দুধের ভ্যাট মওকুফ-সুবিধা ছাড়া আর কোনো সুবিধা নেই। দুগ্ধ প্রক্রিয়াজাতকারী যন্ত্রপাতি, মোড়কীকরণ উপাদান আমদানিতে ভ্যাট দিতে হয়। ফলে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো দুধের খুচরা মূল্য বাড়াতে বাধ্য হচ্ছে। আর এই বাড়তি মূল্য পরিশোধ করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।দুগ্ধ প্রক্রিয়াজাতকারীরা বলছেন, পোলট্রি ও মৎস্য খাত যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুগ্ধ খাত। পোলট্রি খাতে বড় বিনিয়োগ লাগে, কিন্তু একটি গরু পালতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। এতে করে কর্মসংস্থান হবে। তার পরও পোলট্রি কিংবা মৎস্য খাতের মতো নীতি-সহায়তা পাচ্ছে না দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্প।আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটকে ঘিরে প্রথম আলোর কাছে দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কৃষিভিত্তিক শিল্প হিসেবে পোলট্রি ও মৎস্য খাত সরকারের কাছ থেকে যেসব সুবিধা পাচ্ছে, তার সব কটিই দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্পেও দেওয়া প্রয়োজন। এ ছাড়া দেশীয় দুগ্ধশিল্পের বিকাশে স্থানীয় পর্যায়ে উৎপাদিত দুধের ভ্যাট, শুল্ক, এআইটিসহ সব প্রাইমারি ও সেকেন্ডারি শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়ার দাবি জানান তিনি।কামরুজ্জামান কামাল বলেন, দুগ্ধ প্রক্রিয়াজাত খাতের সবকিছুর ওপরই উচ্চ কর আরোপ করা হয়েছে। এ খাতের মূলধনি যন্ত্রপাতিতে ৮ শতাংশ, মোড়কজাতসামগ্রী আমদানিতে ২৫ থেকে ৭৫ শতাংশ এবং তরল দুধ পরিবহনের জন্য ব্যবহূত মিল্ক ট্যাংকার আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। এ ছাড়া ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক কিংবা করপোরেট করও দিতে হচ্ছে। সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জামের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করতে নির্দিষ্ট সময়ের জন্য এ খাতের করপোরেট কর তুলে নেওয়ার দাবি জানান তিনি।গুঁড়ো দুধ আমদানি নিরুৎসাহিত করতে নতুন করে শুল্ক আরোপসহ নানা ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।