
নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক একদিকে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়েছে, অন্যদিকে নীতি সুদের হার কমিয়েছে। বিষয়টা পরস্পরবিরোধী। তবে বাংলাদেশ ব্যাংক ঠিকই বুঝেছে যে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১৬ বা ১৭ শতাংশ অর্জিত হবে না। তাই লক্ষ্যমাত্রা কমিয়ে ধরাই ভালো। আর যেটা ধরা হয়েছে, সেটা অর্জন করতে পারলে তা আরও ভালো। তবে বিশ্বব্যাংকসহ অনেক সংস্থাই মনে করে যে সার্বিক পরিস্থিতি বিনিয়োগবান্ধব নয়। বিশ্ব অভিজ্ঞতা বলছে, ঋণের চাহিদা বেশি থাকলে কমানো যত সহজ, চাহিদার ঘাটতি থাকলে বাড়ানো ততই কঠিন।
মূলধনি যন্ত্রপাতি আমদানির আড়ালে অর্থ পাচার হচ্ছে কি না, তা যাচাই করতে বহু জায়গায়, বহুবার আমি বলেছি। বিদ্যমান শিল্পের জন্য কাঁচামাল আমদানির প্রবৃদ্ধি যেখানে ২ শতাংশ, মূলধনি যন্ত্রপাতি আমদানির প্রবৃদ্ধি ২৭ শতাংশ হওয়াটা সন্দেহজনক। স্বীকার করি, বাংলাদেশ ব্যাংক একা এটা ধরতে পারবে না। কিন্তু সম্মিলিত প্রচেষ্টাও দেখা যাচ্ছে না। নতুন মুদ্রানীতিতে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (এমএসই) এবং কৃষি ঋণকে উৎসাহিত করা হয়েছে। এক জায়গায় ঋণ না দিয়ে তা ছড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। নতুন উদ্যোক্তা, যিনি বাস্তবে কেমন, কিছু না জেনে ব্যাংক তাঁকে ঋণইবা কীভাবে দেবে—সেটা একটা প্রশ্ন। কৃষি খাতে ঋণ বাড়লেও এসএমই এবং শিল্প খাতে কিন্তু তেমন বাড়ছে না। আর ব্যাংক খাতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়াটার বিষয়টি দেখলাম। এই নিয়োগই তো ব্যাংক খাতে সুশাসনের ঘাটতি নির্দেশ করে।