নীতিনির্ধারণী সুদ হার বাড়াতে যাচ্ছে ফেডারেল রিজার্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যানেট ইয়েলেন
জ্যানেট ইয়েলেন

বেশ স্থিতিশীল আছে মার্কিন অর্থনীতি। পুঁজিবাজার চাঙা, চাকরি বাজারে উন্নতি হয়েছে, মূল্যস্ফীতিও ২ শতাংশ বার্ষিক লক্ষ্যমাত্রার দিকে যাচ্ছে। এ অবস্থায় নীতিনির্ধারণী সুদের হার বাড়ানোকে যুক্তিসংগত বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
আজ বুধবার চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলন করবেন ফেড-প্রধান জ্যানেট ইয়েলেন। এর আগে হবে পর্যালোচনা সভা। সংবাদ সম্মেলনে সুদের হার বাড়ানোর ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে সর্বসম্মতিক্রমে সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ করা হয়। এটি নিয়ে গত এক দশকে দুবার সুদের হার বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছিল। ২০০৮ সালের ডিসেম্বর থেকে মার্কিন সুদের হার ছিল প্রায় শূন্য। ২০০৭ ও ২০০৮ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিলে সুদের হার শূন্যে নামিয়ে আনে ফেডারেল রিজার্ভ। অর্থাৎ কোনো সুদ ছাড়াই ব্যাংকগুলো ফেডারেল রিজার্ভ থেকে অর্থ ধার করতে পারত। যে হারে ব্যাংকগুলোকে ধার দেওয়া হয়, তাকে ‘ফেডারেল ফান্ডস রেট’ বা ‘নীতিনির্ধারণী সুদহার’ বলা হয়। সাত বছর পর সুদের হার বাড়ানোর বিষয়টি বড় ধরনের অর্থনৈতিক ঘটনা হিসেবে দেখা দেয়।
গত শুক্রবার কর্মসংস্থানের বর্তমান অবস্থা প্রকাশ করেছে সরকার। এতে দেখা যায় ফেব্রুয়ারিতে ২ লাখ ৩৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ ছাড়া কিছুদিন ধরেই বেকারত্বের হার ৪ দশমিক ৭ শতাংশে বেশ স্থায়ীভাবেই রয়েছে। বেড়েছে ব্যয়যোগ্য আয়ের পরিমাণও। এ অবস্থায় সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতেই পারে ফেড। অর্থনীতিবিদেরা বলছেন, বর্তমান কর্মসংস্থান পরিসংখ্যান ফেডের জন্য বেশ মধুর, যা তাদের সুদের হার বাড়ানোর পরিকল্পনাকে আরও উসকে দেবে।
তবে অতীতে দেখা গেছে, মার্চ মাসটি ফেড-প্রধান জ্যানেট ইয়েলেনের জন্য বেশি সুবিধাজনক নয়। ২০১৫ ও ২০১৬ সালে মূল্যস্ফীতি আশানুরূপ না বাড়ায় ও পুঁজিবাজারের অবস্থা ভালো না থাকায় কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনৈতিক পূর্বাভাসও কমায়।
তবে গেল এক বছরের মধ্যে বিশ্ব পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। জাপান এমনকি ইউরোজোনের মন্দাভাবও কাটতে শুরু করেছে। অর্থনৈতিক অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে গেল সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক প্রেসিডেন্ট মারিও দ্রাঘি বলেন, ‘আমাদের মুদ্রানীতি সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আগামী ৩ বছর ২ দশমিক ১ শতাংশ থাকবে বলে আশা প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। বছরজুড়ে মূল্যস্ফীতি ১ দশমিক ৯ শতাংশে থাকবে বলে আশা প্রকাশ করেছে তারা। এমন অবস্থায় ফেড-প্রধান কী সিদ্ধান্ত নেন, তাই এখন দেখার বিষয়।’