নীতিনির্ধারণী হার অপরিবর্তিত রাখল আরবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সেই দেশের নীতিনির্ধারণী সুদের হার ৮ শতাংশে অপরিবর্তিত রেখেছে, যা বিস্ময়কর বলে মনে করা হচ্ছে।অর্থনীতি বিশ্লেষক ও পর্যবেক্ষকদের অধিকাংশই পূর্বাভাস দিয়ে আসছিলেন যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ার পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া নীতিনির্ধারণী সুদের হার ৮ শতাংশ থেকে কমাবে, যাতে ঋণের সুদহার কমে।ভারতের অর্থনীতিতে বার্ষিক হিসাবে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ, যা দেশটিতে বিগত নয় বছরের মধ্যে সর্বনিম্ন। খবর বিবিসির।আরবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি প্রাক্কলন করতে গিয়ে দেখেছি যে অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে বিনিয়োগ কমে যাওয়ার নেপথ্যে বিভিন্ন কারণ রয়েছে। সে ক্ষেত্রে সুদের হারের ভূমিকা কম।’এই অবস্থায় নীতিনির্ধারণী সুদের হার কমালে তা বরং মূল্যস্ফীতির ওপরই চাপ ফেলবে বলে আরবিআই মনে করে।এদিকে মূল্যস্ফীতি ভারতের কেন্দ্রীয় সরকারের নীতিনির্ধারকদের জন্য দুই বছর ধরেই সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে আছে। সে জন্য ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাঁরা ২০১০ সাল থেকে এ পর্যন্ত ১৩ বার নীতিনির্ধারণী সুদহার বাড়ানোসহ নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন।গত সপ্তাহে প্রকাশিত তথ্য-উপাত্তে দেখা যায়, পাইকারি মূল্যসূচক গত মে মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৫ শতাংশ বেশি ছিল।