নীতিমালায় এল ক্রেডিট কার্ড, স্বস্তি পাবেন গ্রাহকেরা
সেবা চালুর প্রায় ২১ বছর পর নীতিমালার আওতায় এল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবসা। এত দিন এ সেবার বিপরীতে ব্যাংকগুলোর নেওয়া সুদ ও মাশুল এবং কার্ডধারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা ছিল না।
বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের বিষয়ে একটি নীতিমালা জারি করে বলে দিয়েছে, ব্যাংকের প্রচলিত ভোক্তাঋণের সুদের হারের চেয়ে এ ব্যবসায়ে সুদের হার ৫ শতাংশের বেশি হতে পারবে না। একই সঙ্গে সুদ হিসাবের পদ্ধতি, বকেয়া পরিশোধের শেষ সময়সীমা ইত্যাদি সুস্পষ্টভাবে গ্রাহককে অবহিত করতে হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় বিধান করা হয়েছে। এতে ক্রেডিট কার্ডের গ্রাহকেরা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
অবশ্য বর্তমানে ক্রেডিট কার্ড সেবায় ব্যাংকভেদে ১৪ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত সুদ আদায় করা হয়।
জানা গেছে, ২০১৪ সালে ক্রেডিট কার্ড সেবাসংক্রান্ত নীতিমালার খসড়া তৈরি করা হয়। কিন্তু চূড়ান্ত নীতিমালা প্রকাশ করতে প্রায় তিন বছর সময় নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৫ সালে ব্যাংকগুলোর মতামত নিয়ে গত বছর তা চূড়ান্ত করা হয়। গত বৃহস্পতিবার নীতিমালাটি জারি করে বাংলাদেশ ব্যাংক। এটি পরিপালনের জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশে ১৯৯৬ সালে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রথম ক্রেডিট কার্ড সেবা চালু করে। এরপর থেকে দেশে প্রতিনিয়ত ক্রেডিট কার্ডের ব্যবহার ও লেনদেন বাড়ছে। যেমন গত বছরের ডিসেম্বরে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ৭০৫ কোটি টাকার লেনদেন হয়েছে। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৫ কোটি টাকা।
জানুয়ারি পর্যন্ত প্রায় ৮ লাখ ৭৭ হাজার ক্রেডিট কার্ড চালু ছিল। এর মধ্যে দি সিটি ব্যাংকের ২ লাখ ৮ হাজার, ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ১ লাখ ৫০ হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১ লাখ ৫০ হাজার ও ব্র্যাক ব্যাংকের ১ লাখ ৩ হাজার কার্ড।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় বলা হয়েছে, ব্যাংক ক্রেডিট কার্ডের যে সীমা নির্ধারণ করে দিয়েছে, তার ৫০ শতাংশ নগদ টাকায় উত্তোলন করতে পারবেন গ্রাহক। ১৮ বছরের কম বয়সী কারও নামে ক্রেডিট কার্ড দেওয়া যাবে না। তবে কোনো শিক্ষার্থীর শিক্ষার ব্যয় যদি কার্ডের লেনদেনের ওপর নির্ভরশীল হয়, তাহলে ইস্যু করা যাবে। এ ছাড়া ক্রেডিট কার্ডে কোনো সংশোধনী আনতে হলে তা কার্যকরের ৩০ দিন আগে গ্রাহককে অবহিত করতে হবে। কার্ডগ্রহীতার সম্মতি ছাড়া কোনো ধরনের চার্জ কর্তন করা যাবে না। কোনো সংবিধিবদ্ধ সংস্থার আবগারি শুল্ক বা কর অথবা চার্জ কর্তন করতে হলেও গ্রাহকের সম্মতি নিতে হবে।
নীতিমালায় আরও বলা হয়, কার্ডগ্রহীতাকে প্রতি মাসের শেষে (বিলিং পিরিয়ড) লিখিতভাবে অথবা ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেনের চিত্র ও সুদ কর্তনের বিস্তারিত বিবরণী পাঠাতে হবে। স্টেটমেন্ট পাঠানোর পর বিল পরিশোধে গ্রাহককে অন্তত ১৪ দিন সময় দিতে হবে। কোনো গ্রাহক বিলিং স্টেটমেন্ট না পাওয়ার অভিযোগ করলে পাঁচ দিনের মধ্যে বিনা মূল্যে নতুন স্টেটমেন্ট দিতে হবে।
নীতিমালায় জাল-জালিয়াতি রোধে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোর দিয়ে কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর গ্রাহককে ক্রেডিট কার্ডের প্রতিটি লেনদেনের তথ্য এসএমএস বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।