নীতিমালায় গরমিল ঘোচানোর তাগিদ
দেশের সামগ্রিক অর্থনীতির নীতিমালার মধ্যে গরমিল রয়েছে। এই গরমিল ঘোচানো না গেলে বিদেশি বিনিয়োগ যেমন আসবে না, তেমনি অর্থনীতির বিভিন্ন খাতের অগ্রগতিও হবে না।বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফবিআই) প্রধান নির্বাহী মজিবুর রহমান এই অভিমত প্রকাশ করেছেন।বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক এই চেয়ারম্যান বলেন, সামষ্টিক অর্থনীতির নীতিমালাগুলো এমনভাবে তৈরি করতে হবে, যেন তা সবকিছুকে স্পর্শ করে। এমনভাবে তা করতে হবে, যেন সামষ্টিক অর্থনীতি ডান দিকে গেলে বাকি কিছুও ডান দিকে যায়।রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার ‘পজিশনিং বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের একটি কর্ম-অধিবেশনে মজিবুর রহমান এসব কথা বলেন। গতকাল সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গবেষণা সংস্থা বিল্ড, ক্যাটালিস্ট ও সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএএসআইএস যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।নীতিমালার গরমিলের উদাহরণ দিতে গিয়ে মজিবুর রহমান বলেন, দেশে বেশ কিছু অগ্রাধিকার খাত রয়েছে। আবার প্রণোদনা নীতিমালাও আছে। অথচ দেশের অগ্রাধিকার খাতগুলোর ৫০ শতাংশই প্রণোদনা পায় না। যারা পাচ্ছে তারা অগ্রাধিকার খাত নয়। এর কারণ হলো, অগ্রাধিকার খাত চিহ্নিত করা এবং প্রণোদনা নীতিমালা করার কাজ করে আলাদা আলাদা কর্তৃপক্ষ।বিএফটিআইয়ের প্রধান নির্বাহী আরও বলেন, দেশে এখন একই সঙ্গে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সম্প্রসারণমূলক রাজস্ব নীতি কার্যকর। এর ফলে দেশে ব্যাংকঋণের সুদের হারও বাড়ছে।সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, ‘আপনি যদি কান্নাকাটি করেন তাহলেও এফডিআই আসবে না। কিন্তু পারস্পরিক সাযুজ্যপূর্ণ একটি পূর্ণাঙ্গ নীতিমালা থাকলে এফডিআই আসতেই থাকবে। কারণ, যেখানে অর্থ ব্যবহূত হয়, সেখানে অর্থ আসে।’অধিবেশনের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন অবশ্য বলেন, ‘সবাই যেটাকে নীতির গরমিল বলছেন, আমি তাকে বলব সাযুজ্যপূর্ণ সম্পর্কের অভাব।’ তিনি বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। আর দরকার নীতিপ্রণেতা ও নীতির বাস্তবায়নকারীদের মধ্যে সাযুজ্যপূর্ণ সম্পর্ক। কোনো কোনো বিষয়ে কিছু সমস্যা আছে। তবে তা কাটিয়ে ওঠা সম্ভব।অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সাহাব উল্লাহ, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের সেক্টর কম্পিটিটিভনেস বিভাগের প্রধান রবার্ট স্কিডমোর। আর প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের চেয়ারম্যান বজলুল খন্দকার।