নীলফামারী চেম্বার নির্বাচনে ঐক্য পরিষদ জয়ী
নীলফামারী জেলা শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে জয়ী হয়েছে মারুফ জামানের নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদ। এ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া ব্যবসায়ীরা সাধারণ সদস্যের ১২টি পদের সব কটি ও পাঁচটি সহযোগী সদস্য পদের চারটিতে জয় পেয়েছেন।
মারুফ জামান নীলসাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর প্যানেলের প্রতিদ্বন্দ্বী চেম্বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নীলফামারী জেলা শাখার সভাপতি আবদুল ওয়াহেদ সরকারের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ কেবল একটি সহযোগী সদস্য পদ পেয়েছে।
গত শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী স্থানীয় একটি কলেজের অধ্যাপক ইলিয়াস আলী ভোট গণনা শেষে শনিবার মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৭টি পদে ৩৪ জন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ সদস্য পদে ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিত ব্যক্তিরা হলেন সিদ্দিকুল আলম, সৈয়দ রাকিব হাসান, মনিরুল ইসলাম, শামসুল হক, মারুফ জামান, মোফাখখারুল হোসেন, রাজকুমার পোদ্দার, মো. হোসেন খান, মতিয়ার রহমান, আবদুর রশিদ, আফসানা আফরোজ ও ফরহানুল হক। এ প্যানেল থেকে সহযোগী সদস্য পদে নির্বাচিত হন মো. মোস্তফা, গিয়াস উদ্দিন, আবু সালেহ্ সোহেল রানা ও হামিদুল ইসলাম। সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে সহযোগী সদস্য পদে নির্বাচিত হন আবুল কালাম।
নিজের প্যানেলকে নির্বাচিত করায় ব্যবসায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা মারুফ জামান। তিনি বলেন, তাঁদের লক্ষ্য হবে চেম্বার ও নীলফামারী জেলার উন্নয়ন এবং ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণেও সর্বাত্মক চেষ্টা করা।