নীলফামারীতে চা চাষের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদরের ধোবাডাঙ্গা গ্রামে চারা রোপণের মাধ্যমে চা চাষের সূচনা করেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিবসহ অন্যরা l প্রথম আলো
নীলফামারী সদরের ধোবাডাঙ্গা গ্রামে চারা রোপণের মাধ্যমে চা চাষের সূচনা করেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিবসহ অন্যরা l প্রথম আলো

প্রথমবারের মতো নীলফামারীতে চা চাষ শুরু হয়েছে। উদ্যোগটি নিয়েছে নীলসাগর গ্রুপ। জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামের ৫০ বিঘা জমি নিয়ে ‘অনুভব টি গার্ডেন’ করেছে তারা। চারা রোপণের মাধ্যমে গতকাল মঙ্গলবার এই চা-বাগানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ইতিমধ্যেই ১০ বিঘা জমিতে ২২ হাজার চা চারা রোপণ করা হয়েছে। সব মিলিয়ে ৫০ বিঘা জমিতে ১ লাখ ২০ হাজার চারা রোপণের কাজ শিগগিরই শেষ হবে। এক বছর পর থেকে চা-পাতা সংগ্রহ করা যাবে। প্রতিবছর পাতার পরিমাণ বৃদ্ধি পাবে। প্রতি বিঘা চা চাষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচের বিপরীতে বছরে আয় হবে ৭০ থেকে ৮০ হাজার টাকা।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর আহসান হাবিব সাংবাদিদের বলেন, চা চাষের জন্য নীলফামারী সম্ভাবনাময় জেলা। তিনি বলেন, ‘আমরা ৫০ বিঘা জমি নিয়ে এর যাত্রা শুরু করলেও আমাদের উদ্দেশ্য ক্ষুদ্র ও মাঝারি চাষিদের উৎসাহিত করে এর পরিধি বাড়ানো। চাষিদের চা চাষের জন্য কারিগরিসহ সব সহায়তা অনুভব ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ২৫ হাজার হতদরিদ্র নারীকে এ কাজে সম্পৃক্ত করে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাব।’
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ‘এখানে চা-বাগানের পরিকল্পনার কথা শুনে পার্শ্ববর্তী চওড়াবড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী তাঁর ১০ বিঘা জমিতে চা-বাগান করার ব্যাপারে আমাদের সহযোগিতা চেয়েছেন। এমন অনেকে চা চাষে আগ্রহী।’
নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আবতাব হোসেন বলেন, চা চাষের জন্য উঁচু ও সুনিষ্কাশিত জমির প্রয়োজন। নীলফামারীর জমি সমতল হলেও বর্ষায় পানি জমে থাকে না। এখানে বন্যার প্রভাব পড়ে না। জৈব সার প্রয়োগে মাটির সামান্য গুণ পরিবর্তন করে এখানে ব্যাপক চায়ের আবাদ করা সম্ভব। নীলসাগর গ্রুপের এমন উদ্যোগ বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান, অনুভব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিদুল আলম প্রমুখ।