মঙ্গাপ্রবণ নীলফামারীতে নীলসাগর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান নিয়মিত ৪০০ এবং অনিয়মিত আরও ৫০০ স্থানীয় লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।এই প্রতিষ্ঠানে প্রতিদিন ৬০ হাজার ডিম এবং সপ্তাহে তিন লাখ (একদিন বয়সী) মুরগির বাচ্চাও উৎপাদন হয়ে থাকে। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত ডিম স্থানীয়ভাবে বাজারজাত হওয়ার ফলে এটি এলাকায় পুষ্টির চাহিদা পূরণেও অবদান রাখছে।বেসিক ব্যাংকের অর্থায়নে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামে প্রায় ৩০ একর জমির ওপর এই প্রকল্পটি স্থাপন করা হয়। প্রকল্পটির আওতায় প্রক্রিয়াধীন ফিডমিল এবং মৎস্য হ্যাচারি খুব শিগগিরই বাস্তবায়িত হচ্ছে।প্রকল্পের নির্বাহী পরিচালক মারুফ জামান প্রথম আলোকে বলেন, ‘বেসিক ব্যাংকের মতো সরকারি-বেসরকারি অন্য ব্যাংকগুলো কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে অর্থের জোগান দিলে নীলফামারীসহ উত্তরাঞ্চলে মঙ্গা নিরসনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।’