নুরুল ইসলামের আবেদনে সাড়া দেয়নি এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যূনতম শেয়ার ধারণের সময়সীমা বৃদ্ধির বিষয়ে এনসিসি ব্যাংকের পরিচালক নুরুল ইসলামের আবেদনে সাড়া দেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বুধবার এসইসির পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে বিষয়টি নুরুল ইসলামকে জানিয়ে দেওয়া হয়।এসইসির উপপরিচালক আবু রায়হান মো. মুতাসিম বিল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘আপনার আবেদনটি কমিশন বিবেচনা করতে অপারগতা প্রকাশ করেছে।’এসইসি সূত্রে জানা যায়, ন্যূনতম শেয়ার ধারণের সময় ছয় বছর বাড়াতে গত ১৬ এপ্রিল এসইসিতে আবেদন করেন এনসিসি ব্যাংকের পরিচালক নুরুল ইসলাম। কিন্তু এসইসির পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব না পেয়ে তিনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করেন। গত ২২ মে উচ্চ আদালত বিষয়টি সুরাহার জন্য এসইসিকে ৩০ দিন সময় বেঁধে দিয়ে রুল জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার এসইসির পক্ষ থেকে নুরুল ইসলামকে এই জবাব দেওয়া হয়।পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয় নিয়ে গত বছরের ২২ নভেম্বর একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী ছয় মাসের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং পরিচালকদের এককভাবে দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এ ক্ষেত্রে শেয়ার ধারণের জন্য ছয় মাসের সময় বেঁধে দেওয়া হয়, যা গত ২১ মে শেষ হয়।এদিকে গত ২১ মে এ বিষয় নিয়ে পরিচালকদের দায়ের করা তিনটি এবং এর এক মাস পর আরও পাঁচটি রিট খারিজ করেন উচ্চ আদালত।