নেই কোনো সুনির্দিষ্ট নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক নিরাপত্তাবেষ্টনী নিয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তাই বিভিন্ন বছরের বাজেটে এই খাতে বরাদ্দের মধ্যে যথেষ্ট অসংগতি দেখা দেয়।বাজেটের আকার এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি)—দুই হিসাবেই সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি খাতে বাজেট বরাদ্দ এবার কমে গেছে।প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনী খাতে ২২ হাজার ৭৫১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট বিশ্লেষণ থেকে এসব তথ্য জানা যায়। এ অঙ্ক বাজেটের মোট আকারের ১১ দশমিক ৮৭ শতাংশ এবং প্রাক্কলিত জিডিপির ২ দশমিক ১৮ শতাংশ। তবে চলতি ২০১১-১২ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বরাদ্দ রাখা হয়েছিল বাজেটের ১৩ দশমিক ৭৯ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ৫১ শতাংশ।আবার সামাজিক নিরাপত্তাবেষ্টনী খাতের ৪৩টি চলমান কর্মসূচিতে চলতি অর্থবছরের তুলনায় আগামীবারের জন্য বরাদ্দ কমানো হয়েছে। ১৩টি নতুন কর্মসূচি যুক্ত করা হয়েছে। তবে বন্ধ করে দেওয়া হয়েছে আগের ছয়টি কর্মসূচি।সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে খাদ্য নিরাপত্তা কর্মসূচি ও কর্মসৃজন কর্মসূচি নামে দুটি ভাগ রয়েছে। আগামী অর্থবছরের জন্য খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের ৩ দশমিক ৬৭ শতাংশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাবদ মোট বরাদ্দের ৩০ দশমিক ৮৯ শতাংশ এবং জিডিপির শূন্য দশমিক ৬৭ শতাংশ। এ বরাদ্দ চলতি অর্থবছরের মূল এবং সংশোধিত—উভয় বরাদ্দ থেকেই কম।খাদ্য নিরাপত্তা কর্মসূচির মধ্যে চলতি অর্থবছরের তুলনায় আগামীতে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টে (ভিজিডি) বরাদ্দের পরিমাণ ১৬ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আগামী অর্থবছরে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) জন্য ১৫ শতাংশ এবং টেস্ট রিলিফের (টিআর) জন্য ২ দশমিক ৪৪ শতাংশ কম বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।আবার ১০টি বৃহৎ কর্মসৃজন কর্মসূচির জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে এক হাজার ৮১৮ কোটি টাকা। ন্যাশনাল সার্ভিসে এবারের বরাদ্দ ৩০৫ কোটি টাকা থেকে কমিয়ে আগামীবারের জন্য প্রস্তাব করা হয়েছে ২২৮ কোটি টাকা। উত্তরাঞ্চলের অতি দরিদ্রদের জন্য কর্মসূচিতে চলতিবারের বরাদ্দ ১২ কোটি টাকা থেকে কমিয়ে আগামীবারের জন্য প্রস্তাব করা হয়েছে সাত কোটি টাকা।বিশ্বব্যাংকের সামাজিক নিরাপত্তা বিষয়ে সাবেক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক শেখ এস আহমেদ প্রথম আলোকে বলেন, গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও দেশে সামাজিক নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে যাচ্ছেতাইভাবে বিভিন্ন কর্মসূচি চলছে।শেখ এস আহমেদ আরও বলেন, সামাজিক নিরাপত্তা বিষয়ে প্রত্যেক সরকারেরই সদিচ্ছা আছে, যে কারণে সব সরকারই এ খাতে ভালো বরাদ্দ রাখে। রাজনৈতিকভাবে এগিয়ে থাকার জন্যও অনেক কর্মসূচি নেয় সরকারগুলো। কিন্তু দুঃখজনক যে শুধু নীতিমালার অভাবে কর্মসূচিগুলো থেকে দরিদ্র মানুষেরা তেমন একটা উপকৃত হতে পারে না।