ভারত সরকার তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশীয় স্পিনিং মিলগুলো সুতার দাম বাড়ানোর পাঁয়তারা করছে।বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এ অভিযোগ এনে এ ধরনের তৎপরতা বন্ধ করতে তদারকি কমিটি গঠনসহ কয়েকটি দাবি জানিয়েছে।বিকেএমইএ গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবির কথা জানায়। সংগঠনের সভাপতি এ কে এম সেলিম ওসমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভারতের তুলা রপ্তানির নিষোধাজ্ঞার সিদ্ধান্তকে দেশের নিট শিল্পের জন্য এক বিরাট অশনি সংকেত হিসেবে উল্লেখ করা হয়।বিকেএমইএ বলছে, তুলা রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় কিছু স্পিনিং মিল সুতার মূল্যবৃদ্ধির জন্য নানা ধরনের পাঁয়তারা করছে। সুতার দাম বাড়ানো হলে নিট পোশাকের উৎপাদন ব্যয়ও বেড়ে যাবে। বিকেএমইএ বাংলাদেশের স্পিনিং মিলগুলোর সংগঠন বিটিএমএর কাছে সুতার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রচেষ্টাকে রোধ করার জন্য অনুরোধ জানায়। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বিকেএমইএ, বিজিএমইএ ও বিটিএমএকে নিয়ে একটি তদারকি কমিটি গঠন করার দাবি জানায় সংগঠনটি।