নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। নেপালের ওপর ভারতের ‘অঘোষিত বাণিজ্য নিষেধাজ্ঞার’ কারণে এ অবস্থা। খবর কাঠমান্ডু পোস্ট-এর।
নেপাল ট্রানজিট ওয়ারহাউস কোম্পানির তথ্য অনুযায়ী, বিভিন্ন পণ্যবোঝাই প্রায় ২০০টি ট্রাক বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবান্ধা এলাকায় আটকা পড়েছে। কোম্পানির ঝাপা জেলার কাকরভিটা এলাকার প্রধান যাদব রাজ শিবাকোটি বলেন, ‘বাংলাদেশের রপ্তানিকারকেরা ওই পণ্যসামগ্রী নেপালে পাঠাতে অনীহা দেখাচ্ছেন। তাঁরা ফুলবাড়ীতে অবস্থিত ভারতীয় কাস্টমসের সম্ভাব্য প্রতিবন্ধকতার ভয়ে রয়েছেন।’
কাঠমান্ডু পোস্ট-এর খবরে বলা হয়, বাংলাবান্ধায় আটকা পড়া ট্রাকগুলোতে তুলা, শিল্পের কাঁচামাল, সুতা, বিভিন্ন ফলের রস, জ্যাম ও ব্যাটারিসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা নেপালি ব্যবসায়ী দিলীপ তিমিলসিনা বলেন, বাংলাদেশি ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, তাঁদের ট্রাকগুলো সীমান্তে আটকা পড়তে পারে।
নেপাল-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ থাকায় নেপালের মেচি কাস্টমস কার্যালয় প্রতিদিন গড়ে ১১ লাখ রুপির রাজস্ব হারাচ্ছে। কার্যালয়ের প্রধান ভিম প্রসাদ অধিকারী এসব তথ্য দিয়েছেন।
নেপালের রাজনৈতিক দলগুলো ও অনেক সাধারণ মানুষের অভিযোগ, তাদের নতুন সংবিধানের বিষয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে ভারত ‘অঘোষিত বাণিজ্য নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। ভারত সরকার এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।
সীমান্তে অচলাবস্থার কারণে নেপালের প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশে পণ্য রপ্তানি করতে পারছে না। ডাবর নেপাল বলেছে, বুধবারও তারা বাংলাদেশে পণ্য পাঠাতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া ডাল ও বিভিন্ন সবজির মতো সামগ্রী বাংলাদেশে রপ্তানি করা এক মাস ধরে থমকে আছে।
খবরে আরও বলা হয়, নেপালের মসুর ডালের সবচেয়ে বড় আমদানিকারক বাংলাদেশ। দুই দেশ কাকরভিটা-ফুলবাড়ী-বাংলাবান্ধা বাণিজ্য পথ ব্যবহার করে আসছে। আন্তর্জাতিক আইনের আওতায় ভারত এ বাণিজ্য পথ বন্ধ করতে পারে না বলে মন্তব্য করেছে নেপালের কাস্টমস দপ্তরের একটি সূত্র।
নেপাল ডাল, ঔষধি গাছগাছড়া ও সবজি বাংলাদেশে রপ্তানি করে থাকে। আর আমদানি করে তুলা, ওষুধ, ব্যাটারি, সুতা, ফলের রস, আলু, গুঁড়ো দুধ, বিস্কুট, পাটের কাঁচামাল, টিউবলাইট ও মুঠোফোনের মতো সামগ্রী।