নেপালকে সুবিধা বাড়াচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের বীরগঞ্জ সীমান্তে পণ্যবাহী ট্রাক
নেপালের বীরগঞ্জ সীমান্তে পণ্যবাহী ট্রাক

তৃতীয় কোনো দেশ থেকে পণ্য আমদানি করতে হলে নেপালকে ভারতের মধ্য দিয়ে তা আনতে হয়। এত দিন ভারতের মাত্র একটি সীমান্তপথ দিয়ে নেপাল এসব পণ্যবাহী বড় কার্গো নিজ দেশে নিতে পারত।
তবে এখন ভারতের আরও দুটি সীমান্তপথ দিয়ে এসব কার্গো নেপালে যেতে পারবে। সম্প্রতি ভারত সরকার নেপালকে এমন সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
এত দিন কেবল রাক্সাল-বীরগঞ্জ সীমান্তপথ দিয়ে ভারত হয়ে পণ্যবাহী বড় কার্গো নিতে পারত নেপাল। তবে এখন থেকে যোগবাড়ি-বিরাটনগর ও নটানওয়া-ভৈরাহাওয়া সীমান্তপথ দিয়েও এসব কার্গো নিতে পারবে দেশটি।
গত শনিবার শেষ হওয়া দুই দিনব্যাপী ভারত ও নেপালের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে নেপালকে এমন সুবিধা ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়। অবশ্য ভারতীয় কর্মকর্তারা সোমবার বিষয়টি জানিয়েছেন। তাঁরা বলছেন, এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ও ট্রানজিট-সেবা আরও আরও এগিয়ে নেবে।
এ ছাড়া তৃতীয় দেশ থেকে আমদানি করা গাড়ি ভারতের বন্দর থেকে নেপাল পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার সুবিধা দিতেও রাজি হয়েছে ভারত। এত দিন নেপালের আমদানিকারকদের এসব গাড়ি কনটেইনার কিংবা ওয়াগনে করে নিজ দেশে নিয়ে যেতে হতো।
অবশ্য এই সুবিধা তখনই পাওয়া যাবে, যদি এসব গাড়ি তৃতীয় কোনো দেশ থেকে শুধু কলকাতার হলদিয়া বন্দর দিয়ে আমদানি করা হয়। এ জন্য এ বিষয়ে একটি বিনিময়পত্রও সই করতে হবে। নেপাল অবশ্য হলদিয়ার বাইরে আরও ভারতীয় বন্দর ব্যবহার করার জন্য অনেক দিন ধরে অনুরোধ জানিয়ে আসছে।
জানা গেছে, ভারতীয় বাণিজ্যসচিব এ এস রাও বৈঠকে নেপালের বাণিজ্যসচিব মাধব রেগমিকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এসব বিষয়ে বিস্তারিত আলোচনার করার জন্য।
বৈঠকে দুই দেশের সীমান্তে বাণিজ্য অবকাঠামো উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া ভারত সরকার নেপালকে সক্ষমতা উন্নয়নে কারিগরি সহযোগিতা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বলে জানা গেছে।
এ ছাড়া দুগ্ধ চাহিদা মেটানোর জন্য নেপাল এখন ভারত থেকে শংকর প্রজাতির গরু আমদানি করতে পারবে। বর্তমানে নেপালে দৈনিক পাঁচ লাখ লিটার দুধের ঘাটতি রয়েছে। এটা মেটাতে ভারত থেকে অন্তত ১০ হাজার গরু আমদানি করতে হবে।
ভারত এই ট্রানজিট-সুবিধা বাড়ালে বাংলাদেশের জন্য লাভজনক কিছু হবে কি না, তা পর্যালোচনা করার অবকাশ রয়েছে।
প্রাথমিক বিশ্লেষণে প্রতীয়মান হয়, যুগবাণী-বিরাটনগর পথটি বাংলাদেশের জন্য কিছুটা লাভজনক হতে পারে। তবে এই পথ ব্যবহার করতে হলে বাংলাদেশের রেলপথে নেপালকে ট্রানজিট দিতে হবে। যোগবাণী হলো ভারতের বিহারের একটি জেলা। এই জেলা দিয়ে রেলপথে ভারত ও নেপালের দুই দেশের মধ্যে পণ্য আসা-যাওয়া করে। তাই বাংলাদেশের দর্শনা দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বিহার যেতে হবে। এই পথটি ব্যবহার করলে বাংলাদেশ থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমবে।
নটানওয়া-ভৈরাহাওয়া পথটিও বিহার রাজ্যে অবস্থিত। পথটি সড়কপথে ব্যবহার করা যেতে পারে। তবে এই পথের নিকটতম সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মংলা নয়।
বর্তমানে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও লালমনিরহাটের বুড়িমারী দিয়ে নেপালে পণ্য যায়। পণ্যবাহী ট্রাক ভারতের পশ্চিমবঙ্গ হয়ে কাকরভিটা সীমান্ত দিয়ে নেপালে প্রবেশ করে।
প্রসঙ্গত, ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট-সুবিধা দেওয়ার জন্য কয়েক বছর ধরে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও কার্যকর ও সুদূরপ্রসারী কোনো কাজ হয়নি।