
চার রাস্তার মোড়। ২-১টি ট্যাক্সি চলছে। রাস্তার এক পাশে আয়েশি ট্রাফিক পুলিশ। হঠাৎ সারি সারি মোটরসাইকেল। সময় গড়ায় আর মোটরসাইকেলের সংখ্যা বাড়ে। মোড়টির নাম ‘মহেন্দ্র-শালিক’।
নেপালের রাজধানী কাঠমান্ডুর এই মোড় থেকেই মানুষের ব্যস্ততা ছড়িয়ে পড়ে গোটা শহরে। সেখানে কিছুক্ষণ দাঁড়ালে টের পাওয়া যায় শহরে কী কী যানবাহন চলে। ১৮ ডিসেম্বর দুপুরে ঘণ্টাখানেক মহেন্দ্র-শালিক মোড়ের আশপাশের এলাকায় দাঁড়িয়ে বোঝা গেল শহরের প্রধান বাহন মোটরসাইকেল। কেন? এক ট্রাফিক পুলিশের মন্তব্য থেকে জবাবটি মিলল। মুচকি হেসে ব্যস্ত ট্রাফিক পুলিশ বললেন, ‘আওয়ার বাইক সিটি’ (আমাদের বাইকের শহর)। সেই ‘বাইক সিটি’ থেকেই নেপালের বাজারের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তৈরি রানার মোটরসাইকেল বাজারজাত কার্যক্রম শুরু করেছে। মহান বিজয় দিবসের দিনে (১৬ ডিসেম্বর) কাঠমান্ডুর হায়াত রিজেন্সি হোটেলের বলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসও যোগ দেন ওই অনুষ্ঠানে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এই দিনেই বাংলাদেশের একটি পণ্যের বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় গর্বিত আমরা সবাই।’
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘নেপালের বাজার আমাদের জন্য খুবই গর্বের। নেপালের মাধ্যমেই প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে রানার মোটরসাইকেল রপ্তানি শুরু করেছি। নেপালের বাজার নিয়ে রানারের দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা আছে।’
২০০৭ সালে ময়মনসিংহের ভালুকায় রানার বাংলাদেশ প্রথম মোটরসাইকেলের কম্পোনেন্ট তৈরির মাধ্যমে মোটরসাইকেল উৎপাদন শুরু করে। আর পূর্ণাঙ্গ মোটরসাইকেল কারখানা হিসেবে পুরোদমে উৎপাদন শুরু হয় ২০১২ সালে।
রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মুকেশ শর্মা বলেন, রমন মোটরস তাদের ডিলার নেটওয়ার্কের মাধ্যমে রানার মোটরসাইকেলকে নেপালের ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেবে। নেপালে রানারই প্রথম প্রতিষ্ঠান, যা ৬ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে।
রমন মোটরসের প্রধান নির্বাহী (সিইও) রমন মেহতা বলেন, রানার মোটরসাইকেল বাজারজাতের জন্য এরই মধ্যে নেপালে ১০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ছয় মাসের মধ্যে নেপালে ২০টি বিক্রয়কেন্দ্র এবং সার্ভিস সেন্টার করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালে রানার মোটরসাইকেল বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘রমন মোটরস’-এর চেয়ারম্যান বলরাম মাহাতো, নেপালে রানার মোটরসাইকেলের ১১ ডিলারসহ দেশটির সরকারি-বেসরকারি খাতের কর্মকর্তারা। সবশেষে মঞ্চে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা রানার মোটরসাইকেল প্রদর্শনী হয়। ৮০ থেকে ১৫০ সিসির সাত মডেলের মোটরসাইকেল নিয়ে একে একে মঞ্চে ওঠেন নেপালের সাত তরুণ। পরদিন সকালে কাঠমান্ডুর রিংরোডের পাশে রানার মোটরসাইকেলের নবনির্মিত বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়।
নেপালের মোটরসাইকেলের বাজারে বর্তমানে রাজত্ব করছে ভারত ও চীন। আনুষ্ঠানিকতার পর কাঠমান্ডুর দর্শনীয় এলাকায় রানার মোটরসাইকেলের প্রচারণা চোখে পড়ে। বিলবোর্ডে রানার মোটরসাইকেলে চড়া তারকা ক্রিকেটার সাকিব আল হাসান—এমন বিজ্ঞাপন প্রচার করা হয়।। দর্শনীয় স্থানগুলোতে ‘রানার সব সবকে সারথি’ নেপালি ভাষার ফেস্টুনও চোখে পড়ে।
কাঠমান্ডুর থামেলে দিনরাত পর্যটকে মুখরিত থাকে। সেখানে ঘণ্টাখানেক ঘোরাঘুরির সময় কয়েকটি দোকানে প্রাণ গ্রুপের পণ্য দেখা গেল। প্রাণের দেখানো পথ ধরে বাংলাদেশি আরও পণ্যসামগ্রী আছে। সর্বশেষ সংযোজন রানার মোটরসাইকেল।
রানার নেপালিদের সারথি হতে পারবে কি—এমন প্রশ্নে ‘হোটেল ভিউ বক্তারপুরের’ ব্যবস্থাপক তারা রত্নে সিপ্ত বলেন, ‘মোটরসাইকেল নেপালিদের বিলাসিতার কোনো বাহন নয়, জরুরি কাজের বাহন। কাজ যদি দেয়, তাহলে রানার নেপালিদের সারথি হবেই।’