নেপালে আরও ত্রাণ পাঠাল বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের ভূমিকম্পদুর্গত মানুষের সহায়তায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবার ৪০ হাজার পিস পোশাক পাঠিয়েছে। ঢাকায় কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে গতকাল রোববার বিকেলে বিজিএমইএর পক্ষ থেকে সংগঠনের সহসভাপতি শহিদউল্লাহ আজিম বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠর কাছে এসব পোশাক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এজাজ। বিজিএমইএর দেওয়া পোশাকের মধ্যে আছে জ্যাকেট, সোয়েটার, জেন্টস ও লেডিস প্যান্ট, টি-শার্ট, জিনসের প্যান্ট ও শিশুদের পোশাক। চলতি মাসের শুরুর দিকে নেপালে ১০ হাজার পিস তৈরি পোশাক পাঠায় বিজিএমইএ। বিষয়টি নিশ্চিত করে শহিদউল্লাহ আজিম জানান, আজ সোমবার ভোরে বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ত্রাণসামগ্রী নেপালে পৌঁছে যাবে।
নিজস্ব প্রতিবেদক