নেপালে শুল্কমুক্ত সুবিধা পাবে প্রাণ ও ওয়ালটনের পণ্য
নেপালের বাজারে প্রাণ গ্রুপ ও ওয়ালটনের পণ্য শিগগিরই শুল্কমুক্ত সুবিধা পেতে পারে। বাণিজ্যসচিব এম গোলাম হোসেন সম্প্রতি এ কথা বলেছেন। খবর বাসসের। বাণিজ্যসচিব বলেন, ‘আমরা নেপালের অনুরোধে কিছু পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয় বিবেচনা করছি। এ পরিপ্রেক্ষিতে আমরাও তাদের কাছে প্রাণ গ্রুপ ও ওয়ালটনের পণ্যের শুল্কমুক্ত-সুবিধা চেয়েছি।’গোলাম হোসেন বলেন, ‘আমরা আমাদের ওষুধ এবং প্রাণের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও ওয়ালটনের রেফ্রিজারেটরসহ গৃহে ব্যবহূত অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বাজারসুবিধা দেওয়ার জন্য নেপালকে প্রস্তাব দিয়েছি।’নেপালের রাজধানী কাঠমান্ডুতে সদ্য অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে যোগদান শেষে দেশে ফেরা বাণিজ্যসচিব বলেন, নেপাল বাংলাদেশকে তাদের ১৪৫টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার অনুরোধ করেছে। তিনি বলেন, শুল্কমুক্ত সুবিধা হতে হবে পারস্পরিক। এটি কেবল সাফটার আওতায় দেওয়া যেতে পারে। এ প্রসঙ্গে ওয়ালটনের নির্বাহী পরিচালক (বিপণন) এমদাদ সরকার শুল্কমুক্ত সুবিধার ব্যবস্থা করতে মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা নেপালে পণ্য রপ্তানি করতে পারলে তা ওয়ালটন ও দেশের অর্থনীতির জন্যও ভালো হবে।’জানা গেছে, সভায় নেপালের পক্ষ থেকে ১৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা চাওয়া হয়। তবে বাংলাদেশ ১০০টির মতো পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে আগ্রহী। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ওষুধ, প্রক্রিয়াজাত কৃষি ও খাদ্যপণ্য, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে নেপালের বাজারে প্রবেশাধিকার সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ।দ্বিপক্ষীয় বাণিজ্য এখনো নেপালের অনুকূলে। ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-ডিসেম্বর) নেপাল থেকে এক কোটি ৪২ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে মাত্র ১৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য। এর আগের অর্থবছরে বাংলাদেশ থেকে এক কোটি আট লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে দেশটি থেকে আমদানি হয়েছে চার কোটি ৮৮ ডলারের পণ্য।