নেপালে ১০০ কোটি টাকা নিচ্ছে আইএফআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ১০০ কোটি টাকা (১ কোটি ২৩ লাখ ডলার) নেপালে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক। নেপাল বাংলাদেশ ব্যাংকের শেয়ারের অংশ ধরে রাখতে ব্যাংকটিকে এ অর্থ নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম পর্যায়ে এই অর্থ পাঠানোর আবেদন নাকচ হলেও গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে আইএফআইসি ব্যাংককে অর্থ পাঠানোর নীতিগত অনুমোদন দেওয়া হয়। এখন বৈদেশিক বিনিয়োগ বিভাগের অনুমোদন নিয়ে নেপালের ব্যাংকের জন্য ১০০ কোটি টাকা নিয়ে যাবে আইএফআইসি ব্যাংক।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকটিতে বর্তমানে পুরো ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ আমাদের হাতে। এটা ধরে রাখতে আমাদের নতুন করে মূলধন নিতে হবে। এ জন্য আমরা নীতিগত অনুমোদন পেয়েছি।’

>নেপাল বাংলাদেশ ব্যাংকের শেয়ারের অংশ ধরে রাখতে ব্যাংকটিকে এ অর্থ নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক

শাহ আলম সারওয়ার বলেন, ১৭ ফেব্রুয়ারি ব্যাংকটিকে নতুন করে ব্র্যান্ডিং করা হবে। ব্যাংকটির পুরো নাম এনবি-এর পরিবর্তে হবে নেপাল বাংলাদেশ ব্যাংক। এরপর আরও পরিবর্তন আসবে।
জানা গেছে, নেপাল বাংলাদেশ ব্যাংক দুই দেশের যৌথ মালিকানাধীন ব্যাংক। ব্যাংকটিতে শুরু থেকে এখন পর্যন্ত ১৩২ কোটি টাকা বিনিয়োগ করেছে আইএফআইসি ব্যাংক। এতে আইএফআইসি ব্যাংকের শেয়ারের পরিমাণ ৪০ দশমিক ৯১ শতাংশ।
গত বছরের ২৪ অক্টোবর নেপাল বাংলাদেশ ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ৩২ শতাংশ বোনাস শেয়ার ও ১০: ৮ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়। ব্যাংকটির মূলধন বাড়াতে এ সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে রাইট শেয়ারের অর্থ নেপালে নিতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে ব্যাংকটি। এর জন্য গত বছরের ৩ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দেয়, দেশের বাইরে অর্থ বিনিয়োগের অনুমতি দেওয়া যাবে না। এ জন্য বোনাস শেয়ার বিক্রি করে রাইট শেয়ার কেনার পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে শেষ পর্যন্ত আইএফআইসি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে সক্ষম হয়। গত সপ্তাহে ব্যাংকটিকে অর্থ পাঠানোর নীতিগত অনুমোদন দেওয়া হয়।
আইএফআইসি ব্যাংকের তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছরে ব্যাংকটি ১০ শতাংশ বোনাস শেয়ার পায়। এ ছাড়া ২০১৩-১৪ অর্থবছরে ১২ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে ২৫ শতাংশ ও ২০১৫-১৬ অর্থবছরে ৩২ শতাংশ বোনাস শেয়ার পায় ব্যাংকটি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকটি আগেই ১৩২ কোটি টাকা নেপালে নিয়ে গেছে। এর মুনাফাও তারা ঠিকমতো দেশে আনছে না। এ কারণে প্রথমে নতুন করে টাকা নেওয়ার অনুমোদন দেওয়া হয়নি। পরে অবশ্য অনুমোদন দিতে হয়েছে।
জানা গেছে, যৌথ মালিকানাধীন কোম্পানি হিসেবে ১৯৯৪ সালের ৬ জুন নেপাল বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার শুরুতেই ১২ লাখ শেয়ারের মধ্যে আইএফআইসি ব্যাংকের শেয়ার ছিল ৬ লাখ। এ জন্য ১৯৯৪ ও ১৯৯৮ সালে দুই দফায় ৬ কোটি নেপালি রুপি ও ১০ লাখ ৯৫ হাজার ৩৩ ডলার নেপালে নিয়ে যায় আইএফআইসি ব্যাংক। এরপর একীভূত ও অনিয়মের ফলে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি ঘটলে লোকসানে পড়ে আইএফআইসি ব্যাংকও। এ সময় ব্যাংকটিতে আইএফআইসির শেয়ারও কমে হয় ৯ দশমিক ১৮ শতাংশ। এ অবস্থায় ২০১৩ সালে আবারও আইএফআইসি ব্যাংক ৭৫ লাখ ৯৫ হাজার ৫০০ ডলার দিয়ে ব্যাংকটির নতুন শেয়ার কেনে। ২০১৪ সালে আরও ২৩ লাখ ৪ হাজার ডলারের শেয়ার কেনে আইএফআইসি ব্যাংক। ফলে ব্যাংকটিতে আইএফআইসির শেয়ার বেড়ে হয় ৪০ দশমিক ৯১ শতাংশ।
আইএফআইসি ব্যাংক বেসরকারি খাতের হলেও ব্যাংকটির ৩২ দশমিক ৭৫ শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশ সরকার। ব্যাংকটির চেয়ারম্যান আওয়ামী লীগের সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি এই মুহূর্তে ব্যাংকটিতে একমাত্র শেয়ারহোল্ডার প্রতিনিধি। বাকি তিন পরিচালক সরকারের মনোনীত।