নেপালের পাশে দাঁড়াচ্ছে এ দেশের ব্যাংকগুলো
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের অসহায় মানুষের জন্য বাংলাদেশের বেসরকারি আটটি ব্যাংক নেপালের ২৫ থেকে ৩০ হাজার কম্বল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান সম্প্রতি এক সভায় ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের নেপালের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এতে সাড়া দিয়ে ডাচ্-বাংলা ব্যাংক ১০ হাজার, এক্সিম ব্যাংক সাড়ে তিন হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আড়াই হাজার, প্রিমিয়ার ব্যাংক দুই হাজার, ইসলামী ব্যাংক ৫-১০ হাজার, ন্যাশনাল ব্যাংক দুই হাজার ও ঢাকা ব্যাংক ৪০০ কম্বল পাঠানোর প্রতিশ্রুতি দেয়। এ ছাড়া আর্থিক সহায়তার বিষয়েও ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে আশ্বস্ত করে।
এদিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের দেওয়া দুই হাজার কম্বল এরই মধ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছানো হয়েছে। সেখান থেকে নেপাল সরকার এসব কম্বল সংগ্রহ করবে।
ভূমিকম্পে নেপালে ৬ হাজার ৬২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ হাজার ২৩ জন।
জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাহফুজুর রহমান গতকাল বলেন, ‘ভূমিকম্পে নেপালে এখন মানবিক বিপর্যয় চলছে। তার ওপর দেশটিতে এখন প্রচণ্ড শীত। আমরা চাই কম্বল সাহায্য দিয়ে ব্যাংকগুলো এগিয়ে আসুক।’ তিনি আরও সাহায্য করার বিষয়ে আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শাস্ত্রের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান।