নেপালের ব্যাংকে বিনিয়োগ করে মুনাফায় আইএফআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নেপালে প্রতিষ্ঠিত নেপাল বাংলাদেশ ব্যাংক এখন এ দেশীয় বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের জন্য লক্ষ্মীতে পরিণত হয়েছে। কারণ, ব্যাংকটিতে বিনিয়োগ করে অল্প কয়েক বছরে বেশ ভালো মুনাফা পেয়েছে আইএফআইসি। ৩০০ নেপালি রুপিতে কেনা নেপাল বাংলাদেশে ব্যাংকের শেয়ারের এখনকার বাজারমূল্য ৭২৮ রুপি।
নেপালের ব্যাংকটিতে শুরুতে কয়েক ধাপে মোট ১২৮ কোটি টাকা বিনিয়োগ করে আইএফআইসি। এ বিনিয়োগের বিপরীতে নেপাল বাংলাদেশ ব্যাংকের ৪০ দশমিক ৯১ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নেয় আইএফআইসি। সেই ১২৮ কোটি টাকার বিনিয়োগে কেনা প্রায় ৪১ শতাংশ শেয়ারের বর্তমান বাজারমূল্য ১ হাজার কোটি টাকার কাছাকাছি। ব্যাংক দুটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
বেসরকারি খাতের হলেও আইএফআইসি ব্যাংকের ৩২ দশমিক ৭৫ শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশ সরকার। ফলে আইএফআইসি ব্যাংকে সরকারের প্রতিনিধি পরিচালক রয়েছেন তিনজন। এ ছাড়া শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে একমাত্র প্রতিনিধি পরিচালক হিসেবে পর্ষদে রয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমান।
জানা গেছে, যৌথ মালিকানাধীন কোম্পানি হিসেবে ১৯৯৪ সালের ৬ জুন নেপাল বাংলাদেশ ব্যাংক নেপালে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার শুরুতেই ১২ লাখ শেয়ারের মধ্যে আইএফআইসি ব্যাংকের শেয়ার ছিল ৬ লাখ। এ জন্য ১৯৯৪ ও ১৯৯৮ সালে দুই দফায় ৬ কোটি নেপালি রুপি ও ১০ লাখ ৯৫ হাজার ৩৩ ডলার ওই ব্যাংকে বিনিয়োগ করে আইএফআইসি ব্যাংক। এরপর একীভূত ও অনিয়মের ফলে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি ঘটে, লোকসানে পড়ে আইএফআইসি ব্যাংকও। এ সময়ে ব্যাংকটিতে আইএফআইসির শেয়ারও কমে হয় ৯ দশমিক ১৮ শতাংশ।
এ অবস্থায় ২০১৩ ও ২০১৪ সালে ব্যাংকটিতে আরও বিনিয়োগ করে আইএফআইসি। নতুন করে প্রায় ৯৯ লাখ ডলার বিনিয়োগ করা হয়। তাতে নেপাল বাংলাদেশ ব্যাংকে আইএফআইসির শেয়ারের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪০ দশমিক ৯১ শতাংশে। ২৪ নভেম্বর নেপালের শেয়ারবাজারে নেপাল বাংলাদেশ বা এনবি ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৭২৮ নেপালি রুপি।
আইএফআইসি ব্যাংকের তথ্যমতে, ২০১২-১৩ অর্থবছরে ব্যাংকটি ১০ শতাংশ বোনাস শেয়ার পায়। এ ছাড়া ২০১৩-১৪ অর্থবছরে ১২ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে ২৫ শতাংশ ও ২০১৫-১৬ অর্থবছরে ৩২ শতাংশ বোনাস শেয়ার পায় ব্যাংকটি। এ ছাড়া ২০১২ সাল থেকে এ পর্যন্ত পাওয়া নগদ লভ্যাংশের ৮ কোটি ২৩ লাখ টাকা দেশে এনেছে। ব্যাংকটির প্রায় ৪১ শতাংশ শেয়ার থাকায় আইএফআইসি ব্যাংকের তিনজন পরিচালক রয়েছেন ব্যাংকটিতে।
জানা গেছে, জুলাই শেষে নেপাল বাংলাদেশ ব্যাংকের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৮ কোটি নেপালি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রতি নেপালি রুপির বিনিময়মূল্য ৭২ পয়সা)। সর্বশেষ গত অর্থবছরে প্রকৃত মুনাফা করেছে ১২০ কোটি নেপালি রুপি। ২০১১-১২ অর্থবছরে ব্যাংকটির খেলাপি ঋণ ৪ দশমিক ২৯ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে নেমে এসেছে প্রায় পৌনে ১ শতাংশে।
আইএফআইসি ব্যাংকের প্রতিনিধি হিসেবে বর্তমানে এনবি ব্যাংকেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ। জানতে চাইলে তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকটিতে বাংলাদেশের যে বিনিয়োগ আছে, তা বেড়ে প্রায় ১০ গুণ হয়েছে। ব্যাংকটি প্রতিষ্ঠার ২৪ বছর হলেও ৪ বছর ধরে আমাদের ব্যবস্থাপনায় চলছে। ফলে আর্থিক অবস্থা ভালো পর্যায়ে চলে এসেছে।’
জালাল আহমেদ বলেন, ‘আমরা নতুন করে রাইট শেয়ার ইস্যু করতে যাচ্ছি। ফলে ব্যাংকটির আকার বড় হয়ে যাবে। এখন নেপালের সবচেয়ে বড় ব্যাংক করার লক্ষ্যেই কাজ চলছে।’