নেপালের সঙ্গে ২০১৮ সালের মধ্যে রেলে পণ্য আনা-নেওয়া!
নেপালের সঙ্গে ২০১৮ সালের মধ্যেই রেলপথে পণ্য আনা-নেওয়া সম্ভব হবে বলে বিশ্বাস করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গত রোববার সফররত নেপালের বাণিজ্যমন্ত্রী রমি গাউচান তাসাকালির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এমন আশার কথা জানান।
এ ছাড়া নেপালের সঙ্গে যৌথভাবে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং নেপালি নাগরিকেরা স্থলপথে বাংলাদেশে আসার ক্ষেত্রে যাতে ভিসা পেতে পারেন—এ দুই বিষয়েও দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তোফায়েল আহমেদ। তিনি বলেন, এখন সবকিছুই করা হবে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) চুক্তির আওতায়।
তোফায়েল আহমেদ বলেন, মংলা থেকে খুলনা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ হলেই দুই দেশের মধ্যে স্থলপথে পণ্য আনা-নেওয়া করা যাবে। নেপালের বীরগঞ্জ থেকে প্রথমে বঙ্গোপসাগর দিয়ে পণ্য আসবে মংলা বন্দরে। বন্দর থেকে খালাসের পর মংলা থেকে খুলনা হয়ে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর স্থলবন্দরে আসবে সে পণ্য।
ভারতকে সঙ্গে নিয়েই নেপালে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে বাংলাদেশ এবং নেপাল ও বাংলাদেশের মাঝখানে ভারতের অবস্থান হওয়ায় ভারতকে বাদ দিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা সম্ভব নয় বলে জানান বাণিজ্যমন্ত্রী।